পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাওয়া ‘এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত’দের পরিজনদের দিল্লির বঙ্গভবনে হেনস্থার অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা দিয়েছেন। সেই সঙ্গে অমিত শাহের পুলিশের বিরুদ্ধে তোপও দেগেছেন। মমতা জানিয়েছেন, হেনস্থার খবর পেয়ে রাতের পোশাক না ছেড়েই বেরিয়ে পড়েছেন তিনি। বঙ্গভবনে গিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সঙ্গে মমতা এবং অভিষেক কথা বলেছেন। তাঁদের আশ্বাস দিয়েছেন।
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে। প্রথম থেকেই তৃণমূল এর বিরুদ্ধে সরব। এ বিষয়ে আলোচনার জন্য সোমবার বিকেল সাড়ে ৪টেয় নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধিদলকে সময় দিয়েছে। ওই বৈঠকে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’দেরও নিয়ে যাবেন মমতা। পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত এমন অনেক মৃত্যুর খবর এসেছে, যাঁদের পরিবার এসআইআরের চাপে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। সেই সমস্ত পরিবারের কয়েক জন সদস্যকে দিল্লিতে নিয়ে গিয়েছেন মমতা। তাঁদের রাখা হয়েছে বঙ্গভবনে। কিন্তু সোমবার সকাল থেকে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা চোখে পড়েছে। অভিযোগ, এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। বঙ্গভবন ঘিরে রাখা হয়েছে। এই খবর পেয়েই সেখানে ছুটে যান মমতা।
বঙ্গভবনে গিয়ে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’দের পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকও তাঁদের আশ্বাস দিয়েছেন। মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘চিন্তা করবেন না। আমি তো আছি।’’ বঙ্গভবনের বাইরে দাঁড়়িয়ে মমতা বলেন, ‘‘দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষ থাকছেন। এটা তো আমাদের ভবন। ওরা এটা করতে পারে না। আমাদের রাজ্যে অনেকে এসআইআরের কারণে মারা গিয়েছেন। তাঁদের পরিজনদের নিয়ে আমরা এসেছি। কিছু মানুষ আছেন, যাঁরা জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। তাঁরাও এসেছেন।’’
এর পরেই দিল্লি পুলিশকে মমতার হুঁশিয়ারি, ‘‘আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি রাতের পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তা-ই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি।’’ বঙ্গভবনের সামনে পৌঁছে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে মমতাকে।
দিল্লিতে এর আগেও বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছিল। মমতা বলেন, ‘‘আপনারা সংযত হোন। বাংলার মানুষকে এ ভাবে হেনস্থা, নির্যাতন করবেন না। অনেকে মারা গিয়েছেন। অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। আমাদের গায়ের জোর দেখাবেন না। যদি ওঁদের জন্য এই দেশে আর কেউ না-ও লড়ে, আমি লড়ব। লড়ে যাব।’’ মঙ্গলবার বিকেলে বঙ্গভবন থেকে তৃণমূল একটি সাংবাদিক বৈঠক ডেকেছে। সেখানে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’রাও থাকবেন বলে জানিয়েছেন মমতা।