• ৭ মে-র মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে পশ্চিমবঙ্গে, কমিশনের নির্দেশিকায় পাঁচ নির্বাচনের নির্ঘণ্টের আভাস
    আনন্দবাজার | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • পশ্চিমবঙ্গে বর্তমান (সপ্তদশ) বিধানসভার মেয়াদ শুরু হচ্ছে গত ৭ মে। তার মধ্যেই নতুন বিধানসভা গঠিত হবে। মঙ্গলবার কমিশনের তরফে বিভিন্ন রাজ্যের আধিকারিকদের বদলি সংক্রান্ত যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে এই বার্তা।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন একটি ধারাবাহিক নীতি অনুসরণ করে আসছে যে নির্বাচনী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তাদের তাঁদের নিজ জেলায় বা যেখানে তাঁরা দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন সেখানে পোস্ট করা হবে না।’ এর পরেই রয়েছে ভোটমুখী পাঁচ বিধানসভার মেয়াদ শেষের তারিখ। তা থেকে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ৭ মে, তামিলনাড়ুতে ১০ মে, অসমে ২০ মে, কেরলে ২৩ মে এবং কেন্দ্রশাসিত অঞ্চল ২৩ মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।

    বিধানসভা সচিবালয়ের একটি সূত্র জানাচ্ছে, কমিশনের ওই বার্তা থেকে স্পষ্ট আগামী ৭ মের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ করে কমিশনের তরফে অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যপাল এর পরে প্রোটেম স্পিকার নিযুক্ত করে নতুন বিধায়কদের শপথের ব্যবস্থা করার নির্দেশ দেবেন। বিধানসভা সচিবালয়ের তরফে ৭ তারিখের মধ্যে শপথের আয়োজন করতে হবে।

    আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। মার্চের গোড়ায় হতে পারে ভোটের ঘোষণা। গত দু’দশক ধরে একই সঙ্গে এই পাঁচ বিধানসভার ভোটগণনা হয়েছে। এ বারও সেই পদ্ধতিই অনুসরণ করা হবে বলে কমিশন সূত্রের খবর। কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব বদলি করতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে। ওই দিনই কমিশনকে রিপোর্ট দিতে হবে এই বদলি সংক্রান্ত বিষয়টি জানিয়ে। সম্ভবত তার পরেই আনুষ্ঠানিক ভাবে পাঁচ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন।
  • Link to this news (আনন্দবাজার)