• গ্র্যান্ড হোটেল সংস্কারে শর্ত সাপেক্ষে হকারদের সরাতে চায় কলকাতা পুরসভা, জানানো হল হোটেল কর্তৃপক্ষকে
    আনন্দবাজার | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • ঐতিহ্যবাহী গ্র্যান্ড হোটেল সংস্কারে বড় অন্তরায় তার নীচে থাকা হকারেরা। বর্তমানে পূর্ণাঙ্গ হোটেল সংস্কারের কাজে হাত লাগিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় ওই হোটেলের প্রতিনিধি হাজির হয়েছিলেন সংস্কার সংক্রান্ত বিষয়ে কথা বলতে। যদিও হোটেল কর্তৃপক্ষ অনেক আগেই তাঁদের অসুবিধার কথা জানিয়ে কলকাতা পুরসভার কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু হকারদের কারণে হোটেলের সামনের দিকে সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না। মূলত সেই বিষয় নিয়েই কথা বলতে পুরসভার দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

    পুরসভা সূত্রে খবর, আগেই হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, বিকল্প জায়গার বন্দোবস্ত করেই তারা সংস্কারের কাজ শুরু করার বিষয়ে সবুজ সঙ্কেত দেবে। কিন্তু এখনও হকারেরা গ্র্যান্ড হোটেলের সামনে থেকে সরেননি। পুরসভার অন্য এক সূত্র জানাচ্ছে, কলকাতা পুরসভার আধিকারিকেরা হোটেল কর্তৃপক্ষকে কলম ভিত্তিক কাজ করার পরামর্শ দিয়েছে। এই ভাবে কাজ করলে কিছু কিছু করে হকার সরিয়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে।

    হকার সংগঠনগুলিও এ ক্ষেত্রে গ্র্যান্ড হোটেলের সংস্কারের কাজে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। জয়েন্ট হকার অ্যাকশন কমিটির নেতা অসিত সাহা বলেন, ‘‘আমরা হোটেল কর্তৃপক্ষকে বলেছি আলোচনায় বসতে। আলোচনায় বসলে যে কোনও সমস্যার সমাধান করা সম্ভব। আর গ্র্যান্ড হোটেল তো আমাদের কলকাতার ঐতিহ্য, তাই সেই ঐতিহ্য রক্ষায় সহযোগিতা করা আমাদের কর্তব্য।’’
  • Link to this news (আনন্দবাজার)