• আসন নিয়ে কথা, আজ ফের শহরে ভূপেন্দ্র
    আনন্দবাজার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • আজ এক দিনের ঝটিকা সফরে দিল্লি এলেও আগামিকাল ফের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে কলকাতা ফিরে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। সূত্রের মতে, আর দেরি না করে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ শুরু করে দিতে চান কেন্দ্রীয় নেতৃত্ব।

    বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ। পরের অধিবেশন শুরু হওয়ার আগেই রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার কথা। তাই আর দেরি না করে প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে ফেলার পক্ষপাতী বিজেপি। কারণ, রাজ্য নেতৃত্ব তালিকা তৈরির পরে তা আসবে দিল্লিতে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকেই চূড়ান্ত ছাড়পত্র পাবে তালিকা। সূত্রের মতে, রাজ্যের আসনগুলিকে দলীয় শক্তির নিরিখে একাধিক ভাগে ভাগ করেছে দল। তাই যে আসনগুলিতে দলের জেতার সম্ভাবনা রয়েছে, সেই আসনগুলিতে প্রার্থীদের নাম প্রাথমিক ভাবে বেছে নেওয়ার পক্ষপাতী তাঁরা।

    আগামিকাল দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। আজ ভূপেন্দ্র বলেন, ওই বৈঠকে যোগ দেওয়ার জন্যই তিনি দিল্লি এসেছেন। বৈঠকের পরে ফের কলকাতা যাবেন সাংগঠনিক বৈঠকে যোগ দিতে। পরের দিন দলের কোর কমিটির বৈঠক রয়েছে। আগামী সাত-দশ দিনের মধ্যে অমিত শাহেরও যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় দশ হাজার বুথকর্মীর কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনমত সংগ্রহ করেছে বিজেপি। তার ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরির কাজে নামতে চান তাঁরা।
  • Link to this news (আনন্দবাজার)