• সরকারকে ধন্যবাদ দিয়েই আর্জি অধীরের
    আনন্দবাজার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • বহরমপুরের মহারাজা কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানালেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মুর্শিদাবাদের মানুষ ও অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীর আবেগকে মর্যাদা দিয়ে মহারাজা কৃষ্ণনাথের নামেই বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষামন্ত্রীকে লেখা চিঠির মাধ্যমে রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন অধীর। তবে এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিষ্টি বিলি ও আনন্দ উদযাপন করতে গিয়ে এক দল ছাত্র অন্য এক দল ‘দুষ্কৃতী’র হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে ছাত্র পরিষদ ও স্থানীয় মানুষ অনশন-সত্যাগ্রহ চালাচ্ছেন। সেই ঘটনার উল্লেখ করে শিক্ষামন্ত্রীকে চিঠিতে অধীর লিখেছেন, পডুয়া এবং সাধারণ মানুষের আবেগের উপরেই আক্রমণ হয়েছে। ‘দুষ্কৃতীমুক্ত শিক্ষাঙ্গন’ গড়তে দ্রুত হস্তক্ষেপ করে অনশন ভঙ্গে সহায়ক হওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন সাংসদ।
  • Link to this news (আনন্দবাজার)