শমসেরগঞ্জে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সরব হলেন হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির শতাধিক সদস্য। সম্প্রতি শমসেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে বিক্ষোভ দেখান তাঁরা। পরে স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা।
ওই সংগঠনের অভিযোগ, বর্তমানে প্রতিবন্ধীরা মাসে এক হাজার টাকা ভাতা পান। তাতে সংসার চলে না। ভাতা বাড়িয়ে কমপক্ষে পাঁচ হাজার টাকা করার দাবি উঠেছে। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের এ বারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথী প্রকল্পে ১৫০০ টাকা করে ভাতা ঘোষণা হয়েছে। তাহলে প্রতিবন্ধীরা কেন বঞ্চিত থাকবেন? শুধু ভাতা বৃদ্ধি নয়, আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পে বঞ্চনারও অভিযোগ তোলেন প্রতিবন্ধীরা। তাঁদের দাবি, আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পে উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রতিবন্ধী সুযোগ পাচ্ছেন না।