• ক্রীড়া সংগঠনের সঙ্গে বৈঠক মেয়রের
    আনন্দবাজার | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • শহরের বিভিন্ন ক্রীড়া সংগঠনকে নিয়ে আলোচনায় বসলেন মেয়র গৌতম দেব। শনিবার শিলিগুড়ির রামকিঙ্কর হলে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শহরে ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা নিয়ে এ দিন আলোচনা হয়। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি টেবিল টেনিস, দাবা, ক্যারাম-সহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কোচ ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

    সেই আলোচনায় শহরের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো-সহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম ও পরিকাঠামো বাড়ানোর ব্যাপারে অনেকেই তাঁদের মতামত জানান। প্রসঙ্গত সামনেই বিধানসভা ভোট রয়েছে। সেই ভোটে মেয়র গৌতম দেবের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। যে কারণে ভোটের আগে শহরের বিভিন্ন মহলের মানুষের সঙ্গে তাঁকে মাঝমধ্যেই আলোচনায় বসতে দেখা যাচ্ছে।

    যদিও এ দিন মেয়র বলেন, “ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। শহরে ক্রীড়ার উন্নয়নে আলোচনা ডাকা হয়েছিল। যেখানে পরিকাঠামো, ক্যাম্প নিয়ে অনেকে নানা কথা বলেছেন। সেগুলি লেখা হয়েছে। সমস্যাগুলি আলোচনা করে কতোটা মেটানো যায় তা দেখা হচ্ছে।”

    এ দিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়েছে। যেকারণে সেখান থেকে আপাতত কিছু সংগঠনের কার্যালয় সরানো হয়েছে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে সেই কার্যালয়গুলি সেখানে রাখার দাবি জানানো হয়। সংগঠনের সচিব কুন্তল গোস্বামী বলেন, “মেয়রও সেখানে কার্যালয়গুলি থাকবেন বলে জানিয়েছেন। এ ছাড়াও আমরা আরও কিছু পরামর্শ দিয়েছি। আশা করছি সেগুলি নিয়ে পদক্ষেপ করা হবে।”
  • Link to this news (আনন্দবাজার)