অবৈধ পোস্ত চাষ রুখতে ফের অভিযান চলল। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বলরামপুর ব্লকের পাহাড়তলি ভাঙিডি, বাঘনা ও বাঁধডি-সহ একাধিক এলাকায় যৌথ ভাবে অভিযান চালান পুলিশ-সহ আবগারি, বন ও ভূমি দফতরের আধিকারিকেরা। প্রায় আট-দশ বিঘা জমির পোস্ত চাষ নষ্ট করে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ও বন দফতরের জমিতেই মূলত ওই চাষ হচ্ছিল। রয়েছে বেশ কিছু রায়তি জমিও। এক জমির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আবগারি দফতর। এর আগেও বলরামপুর ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পোস্ত গাছ নষ্ট করা হয়। সম্প্রতি বলরামপুর থানার কলাবেড়া গ্রাম থেকে ঝাড়খণ্ডের এক বাসিন্দাকেও ওই কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ দিন অভিযানে ছিলেন বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী, জেলা আবগারি দফতরের ডেপুটি কালেক্টর রবীন্দ্রনাথ জিৎ, বলরামপুর থানার আইসি অর্ণব গুহ,ওসি (আবগারি) প্রশান্ত তন্তুবায় ও রেঞ্জার অর্পিতা কুণ্ডু-সহ অন্য আধিকারিকেরা। প্রশাসনের তরফে গ্রামে গ্রামে পোস্ত চাষ নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সরকারি জমি বা বনভূমিতে পোস্ত চাষে কেউ যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।