• মালদহে আবার মৃত্যু বিএলওর, কাজের চাপকে দুষছে পরিবার! ১৪০ ভোটারের নথি যাচাই করতে বলায় ছিলেন উদ্বেগে
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • মালদহে আবার মৃত্যু হল বিএলওর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়াচকের সুজাপুর অঞ্চলের বিশ্বাসপাড়া বুথের বিএলও আনিকুল ইসলাম। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। পরিবারের দাবি, কাজের চাপে উদ্বিগ্ন হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

    আনিকুল কালিয়াচক হাই স্কুলে শিক্ষকতা করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিডিওর দফতর থেকে আবার ১৪০ জন ভোটারের নথি পুনরায় যাচাই করে পাঠাতে বলা হয়েছিল তাঁকে। সে জন্য দুশ্চিন্তায় ছিলেন তিনি। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে কথা বলতে কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিওর দফতরেও যান তিনি। পরিবারের দাবি, আধিকারিকদের সঙ্গে কথা বলেও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি।

    বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আনিকুল। তাঁকে সুজাপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

    এর আগে গত জানুয়ারি মাসে মালদহের ইংরেজ বাজারে এক বিএলওর মৃত্যু হয়। মৃত বিএলওর নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। পাকুরতলা এলাকাতেই ছিল তাঁর বাড়ি। তিনি পেশায় ছিলেন এক জন আশাকর্মী। ইংরেজবাজার পুরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্ব সামলাচ্ছিলেন সম্পৃতা। পরিবার সূত্রে খবর, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
  • Link to this news (আনন্দবাজার)