• বিধানসভা ভোটে প্রার্থী হবেন! বায়োডেটা জমা দিয়েছেন পত্নী রিঙ্কু! কী অভিমত খড়্গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের?
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। জমা দিয়েছেন নিজের বায়োডেটাও! এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না দিলীপ নিজে। জানিয়েছেন, তাঁর স্ত্রীর ভোটে লড়াই করার ইচ্ছা আছে। তিনিও স্বামীর মতো বিধায়ক হতে চান। তবে রিঙ্কুকে টিকিট দেওয়া হবে কি না, তা দলই ঠিক করবে।

    বিধানসভা নির্বাচন আসন্ন। বিজেপি সূত্রে খবর, দলের অনেক কর্মীই ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করছেন। নিয়ম মেনে দলীয় নেতৃত্বের কাছে তাঁরা জমা দিচ্ছেন বায়োডেটা। দিলীপ-পত্নী রিঙ্কুও সেই পদ্ধতিতেই প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছেন। দিলীপকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘উনি (রিঙ্কু) তো আমার চেয়েও পুরনো কর্মী। আমি এমপি-এমএলএ হয়ে গেলাম। ওঁরও হওয়ার ইচ্ছা আছে।’’ প্রার্থী হতে চেয়ে বহু কর্মী বায়োডেটা জমা দিয়েছেন বলে জানিয়েছেন দিলীপ। তাঁর কথায়, ‘‘পার্টিতে হাজার হাজার কর্মী তাঁদের আবেদন জমা দিয়েছেন। যে কেউ এটা দিতে পারে। পার্টিই ঠিক করুক কাকে কোথায় প্রার্থী করবে।’’ অনেকে মনে করছেন, এর মাধ্যমে দলকেও বার্তা দিতে চাইলেন দিলীপ।

    বায়োডেটা জমা দেওয়া নিয়ে কথা বলতে গিয়ে রিঙ্কু দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ১৩ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। দিলীপের সঙ্গে আলাপ হওয়ার অনেক আগে থেকেই তিনি দলের কর্মী। বর্তমানে দলের মহিলা মোর্চার নেত্রীও। এত বছরেও অন্তত পঞ্চায়েত ভোটেও কেন তাঁকে টিকিট দেওয়া হল না, প্রশ্ন তুলেছেন রিঙ্কু। তিনি বলেন, ‘‘নেতৃত্ব ভাববেন তাঁরা কী করবেন। ১৩ বছরে আমাকে অন্তত পঞ্চায়েতেও তো টিকিট দেওয়া উচিত ছিল। যদি আমার বিয়ে না-ও হত, আমি পার্টি করতাম। এতগুলো বছর ধরে দমিয়ে রাখা হয়েছে। এখনও তা-ই হবে। আমি এ বার আর এটা মেনে নেব না।’’

    ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়্গপুর থেকে জিতেছিলেন দিলীপ। ২০১৯ সালে মেদিনীপুর কেন্দ্রে ভোটে জিতে সাংসদ হন। কিন্তু ২০২৪ সালে পছন্দের কেন্দ্র থেকে সরিয়ে দল তাঁকে প্রার্থী করে বর্ধমান-দুর্গাপুরে। সেখানে দিলীপ তৃণমূলের প্রার্থীর কাছে হেরে যান। দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ স্বর শোনা গিয়েছিল দিলীপের গলাতেও। তবে সম্প্রতি আবার তাঁকে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে। তাঁকে বিধানসভা ভোটে টিকিট দেওয়া হবে কি না, জল্পনা রয়েছে। এর মধ্যেই দলের একাংশের বিরুদ্ধে সুর তুলে জল্পনা জোরালো করে দিলেন দিলীপের স্ত্রীও।
  • Link to this news (আনন্দবাজার)