• ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অনিশ্চিত, কী কারণে কলকাতা থেকে সরতে পারে ম্যাচ, জানিয়ে দিল আইসিসি
    আনন্দবাজার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রথমে ঠিক ছিল, পাকিস্তান প্রথম সেমিফাইনালে খেললে তা ইডেনে হবে না। তবে পাকিস্তান যদি সেমিফাইনালে না ওঠে তা হলে সেই ম্যাচ হবে কলকাতায়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বদলের ইঙ্গিত দিয়েছে আইসিসি। পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম সেমিফাইনাল সরে যেতে পারে।

    ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, আইসিসি সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা, প্রথম সেমিফাইনালের মাঠ নির্দিষ্ট নয়। তা নির্ভর করছে দু’টি দলের উপর। চিঠিতে লেখা, “প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তা হলে সেটি হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, তা হলেও প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতে হবে।”

    এই বার্তা থেকে পরিষ্কার, আগে যেমন শুধু পাকিস্তান উঠলে সেমিফাইনাল ইডেন থেকে সরে যেত, এখন আর সেই শর্ত থাকছে না। এ বার যোগ হয়েছে শ্রীলঙ্কাও। অর্থাৎ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল উঠলেই খেলা ইডেন থেকে সরে যেতে পারে। তবে শ্রীলঙ্কা ভারতের মুখোমুখি না হলে তবেই সেটা হবে। আর যদি শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে কোনও দলই সেমিফাইনালে না ওঠে তা হলে প্রথম সেমিফাইনাল ইডেনেই হবে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, তা আগে থেকেই ঠিক ছিল। ফলে সেমিফাইনাল ও ফাইনালের জন্য দু’টি করে মাঠ ঠিক করা আছে। কিন্তু শ্রীলঙ্কা এই প্রতিযোগিতার সহ-আয়োজক। তাই তারা সেমিফাইনালে উঠলে শ্রীলঙ্কার সমর্থকদের আনন্দ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে ফাইনালে শ্রীলঙ্কা উঠলেও ম্যাচ কলম্বোয় হবে কি না, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও আইসিসি জানায়নি।

    ভারত সেমিফাইনালে উঠলে কোন মাঠে খেলবে তা-ও নির্দিষ্ট নয়। যদি সূর্যকুমার যাদবেরা সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় তা হলে তাঁদের কলম্বোতে খেলতে হবে। পাকিস্তান বাদে ভারত অন্য যে কোনও দলের মুখোমুখি হলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন সূর্যেরা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেই খেলা। আর যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে কোনও দলই সেমিফাইনালে না ওঠে তা হলে প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয় সেমিফাইনাল মুম্বইয়ে হবে। সে ক্ষেত্রে একটি গ্রুপের এক নম্বর দল অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে।
  • Link to this news (আনন্দবাজার)