• কলকাতায় আরও দু’টি নতুন অটো রুটের অনুমোদন দিল পরিবহণ দফতর, ট্রাফিক জট এড়াতে ও যাত্রী সুবিধায় পদক্ষেপ
    আনন্দবাজার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও গতিশীল ও উন্নত করতে পরিবহণ কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দু’টি নতুন অটো রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। মূলত জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং পরিবহণ পরিষেবার সম্প্রসারণের লক্ষ্যেই এই নতুন রুট চালুর অনুমতি দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, যে দু’টি নতুন রুট যুক্ত হয়েছে সেগুলি হল, বাবু বাজার ট্রাম ডিপো থেকে মোমিনপুর স্ট্যান্ড। এই রুটে অটো চলাচলের জন্য সর্বাধিক ২৫টি পারমিট দেওয়া হয়েছে। অটোটি ভুকৈলাশ রোড, একবালপুর রোড, ইব্রাহিম রোড এবং ব্রাউন ফিল্ড রোড হয়ে যাতায়াত করবে। দ্বিতীয়টি, রাজাবাজার ট্রাম ডিপো (দক্ষিণ দিক) থেকে তপসিয়া। এই দীর্ঘ রুটে মোট ৫০টি অটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এটি ক্যানাল ওয়েস্ট রোড, বেলেঘাটা মেন রোড, পটারি রোড, গোবরা রোড ও লাল বাবা মাজার হয়ে ২৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছোবে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে এই রুটগুলির জন্য আগেই ‘এনওসি’ সংগ্রহ করা হয়েছিল। তবে যানজট নিয়ন্ত্রণে রাখতে রাজাবাজার রুটের টার্মিনাসটি রাজাবাজার ক্রসিংয়ের দক্ষিণ দিকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে এই দু’টি রুটে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। সরকারি গেজেটে এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ-সহ সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে এই নতুন রুটগুলি বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)