• কেস ডায়েরি না দেওয়ায় ফের তিরস্কার পুলিশকে
    আনন্দবাজার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার মামলায় পুলিশ এনআইএ-র হাতে কেস ডায়েরি তুলে না দেওয়ায় বৃহস্পতিবার ফের ভর্ৎসনা করল বিচার ভবনের বিশেষ এনআইএ আদালত। রাজ্যের আইনজীবী দীপঙ্কর কুণ্ডুর উদ্দেশে এনআইএ আদালতের ভারপ্রাপ্ত বিচারকের প্রশ্ন, ‘‘এনআইএ কি কেস ডায়েরি নিয়ে পালিয়ে যাবে?’’

    এর আগে জেলা পুলিশ জানিয়েছিল, ‘পুলিশি নিরাপত্তার’ অভাবে ৩১ জন অভিযুক্তকে এনআইএ আদালতে হাজির করানো যায়নি। এ দিন অবশ্য ৩১ জনকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ এবং দেবাশিস মল্লিক চৌধুরী তাদের মধ্যে সাত জনকে সাত দিনের এনআইএ হেফাজত এবং বাকিদের জেল হেফাজতে পাঠানোর আর্জি জানান। বিচারক ৩১ জনেরই এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ, শুক্রবার ফের মামলার শুনানি।

    ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গত জানুয়ারিতে অশান্তি হয় বেলডাঙায়। কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় এনআইএ-র হাতে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট মামলা হাই কোর্টেই ফেরত পাঠায়।
  • Link to this news (আনন্দবাজার)