• বিতর্ক উস্কে মুক্তি পাচ্ছে ‘কেরল স্টোরি ২’, বাংলা সিনেমার প্রতিনিধি হয়ে আসছেন স্বস্তিকা
    আনন্দবাজার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • গত সপ্তাহে বেশ কিছু হিন্দি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ইতিবাচক সাড়া পাচ্ছে তাপসী পন্নু অভিনীত ছবি ‘অস্সী’। মিশ্র প্রতিক্রিয়া শাহিদ কপূর অভিনীত ‘ও রোমিয়ো’ ছবিটি নিয়ে। প্রেক্ষাগৃহে এখনও রমরমিয়ে চলছে ‘ধুরন্ধর’, ‘বর্ডার ২’-এর মতো ছবি। এ দিকে কলকাতায় গত তিন দিন ধরে বন্ধ বিভিন্ন প্রেক্ষাগৃহ। কারণ, দর্শক নেই। বিনোদিনী, প্রিয়া, নবীনা হলে বন্ধ শো। চলতি সপ্তাহে সেই খরা কাটতে চলেছে।

    দ্য কেরল স্টোরি ২

    ‘দ্য কেরল স্টোরি’ ছবির জন্য গত বছর জাতীয় পুরস্কার পেয়েছেন পরিচালক সুদীপ্ত সেন। এ বার সেই ছবির দ্বিতীয় পর্ব আসতে চলেছে। প্রযোজক এক থাকলেও বদলে গিয়েছে পরিচালক। এ বার এই ছবি পরিচালনা করছেন কামাঙ্ক্ষা নারায়ণ সিংহ। ছবির পোস্টারে দেখা যাচ্ছে তিন জন বোরখা পরা মহিলাকে, যাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। এই ছবিকে ইতিমধ্যেই প্রোপাগাণ্ডা ছবি বলে দাগিয়ে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। অনুরাগ কাশ্যপ থেকে প্রকাশ রাজের মতো তারকারা এই ছবির সমালোচনা করেছেন। কেউ কেউ আবার উদ্বেগ প্রকাশ করেছেন, এই ছবি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

    প্রোমোটার বৌদি

    শুক্রবার নতুন হিন্দি এবং বাংলা ছবি মুক্তি পাচ্ছে। ওই দিন থেকে ফের খুলছে বিনোদিনী এবং প্রিয়া হল। গত দু’সপ্তাহ ধরে তেমন কোনও উল্লেখযোগ্য বাংলা ছবি মুক্তি পায়নি। বাণিজ্যিক ভাবে সেই অর্থে সাফল্যের মুখে দেখেছিল ‘প্রজাপতি ২’। এ বার সেই খরা কাটাতে পারবেন কি স্বস্তিকা মুখোপাধ্যায়? চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে তাঁর ‘প্রোমোটার বৌদি’। একেবারে নারীকেন্দ্রিক ছবি। স্বস্তিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, শ্রীমা ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত প্রমুখ।

    পয়লা বৈশাখ

    ‘পয়লা বৈশাখ’ মাল্টিভার্সের গল্প। গল্পের মুখ্যচরিত্রে ইন্দ্র একটা বিশেষ ঘটনার ফলে আটকে পড়েন একটা নির্দিষ্ট দিনে এবং সেই দিনটিই হল পয়লা বৈশাখ। প্রাথমিক ভাবে এটিকে টাইম লুপ ভেবে ভুল করে বসেন। পরবর্তী কালে জানা যায়, যে টাইম লুপ নয়, তিনি আটকে পড়েছেন টাইম ভরটেক্সে, সময়-ঘূর্ণি। বাংলা সিনেমায় মাল্টিভার্সের গল্প একেবারেই বিরল, যদিও হলিউডে জলভাত। এই ঘরানার ছবি বেশ ব্যয়সাপেক্ষও বটে। মুমতাজ় সরকার, স্নেহম, শুভস্মিতা মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় অভিনীত এই ছবি কতটা দর্শক টানতে পারে, সেটাই দেখার।
  • Link to this news (আনন্দবাজার)