বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য সুখবর! মিলবে ‘এক্স-গ্র্যাশিয়া’, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
আনন্দবাজার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বিধানসভা ভোট ঘোষণার আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাস ঘোষণা করেছে নবান্ন। ঠিক তার পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্যও বিশেষ আর্থিক ‘এক্স-গ্র্যাশিয়া’ ঘোষণা করা হল। শুক্রবারই ‘এক্স-গ্র্যাশিয়া’ বা এক কালীন অনুদান ঘোষণা করল নবান্ন। অর্থ দফতরের (অডিট শাখা) পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য পেনশনভোগীরা মাথাপিছু এককালীন ৩,৮০০ টাকা করে পাবেন।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত রাজ্য সরকারি পেনশনভোগী ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে অবসর গ্রহণ করেছেন, অথবা যাঁরা ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অবসর নিয়েছেন বা মারা গিয়েছেন, তাঁরা এই অনুদানের আওতাভুক্ত হবেন। তবে শর্ত রয়েছে যে, ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট পেনশনভোগীর মূল পেনশন এবং মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর)-এর যোগফল মাসিক ৪০ হাজার টাকার বেশি হওয়া চলবে না। এ ছাড়া যাঁরা ‘অ্যাড-হক’ বোনাস পাওয়ার যোগ্য নন, তাঁরাই কেবল এই ‘এক্স-গ্র্যাশিয়া’ পাবেন। ফ্রেঞ্চ পেনশন রুল অনুযায়ী, পারিবারিক পেনশনভোগী, বিধবা পেনশনভোগী এবং অতিরিক্ত সাধারণ পেনশন প্রাপকেরাও এই সুবিধা পাবেন।
আসন্ন ইদ উৎসবের কথা মাথায় রেখে অর্থ দফতর অর্থ প্রদানের দু’টি আলাদা সময়সীমা নির্ধারণ করেছে। প্রথমত, মুসলিম পেনশনভোগীদের জন্য ২০২৬ সালের ইদ-উল-ফিতর উৎসবের আগেই এই অর্থ প্রদান করা হবে। দ্বিতীয়ত, অন্য পেনশনভোগীদের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এই টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। নির্দেশিকা অনুযায়ী, যাঁরা কোনও পাবলিক আন্ডারটেকিং সংস্থায় পুনরায় নিযুক্ত হয়ে বোনাস পাচ্ছেন, তাঁরাও এই অনুদান পাবেন না। যে সব পেনশনভোগী সরকারি ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পান, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। অন্য দিকে, যাঁরা পোস্ট অফিস বা ট্রেজ়ারির মাধ্যমে টাকা তোলেন, তাঁদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র স্বাক্ষরিত এই নির্দেশে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় প্রশাসনের যোগ্য পেনশনভোগীদের ক্ষেত্রেও এই একই নিয়ম ও অঙ্কের টাকা প্রযোজ্য হবে।
রাজনৈতিক মহল এই ‘এক্স-গ্র্যাশিয়া’-র ক্ষেত্রে ভোটের অঙ্ক দেখলেও, নবান্নের একটি সূত্র জানাচ্ছে, প্রতি বছর ইদ উৎসবের সময় রাজ্য সরকারের তরফে এই ধরনের আর্থিক ঘোষণা করা হয়ে থাকে। কাকতালীয় ভাবে এ বার বিধানসভা ভোটের নির্ঘণ্ট রয়েছে। তাই, এই আর্থিক ঘোষণার সঙ্গে ভোটের বিষয়টিকে এক করে দেখা উচিত নয়।