• রাতেই পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ
    আনন্দবাজার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। জনসংখ্যার নিরিখে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দুই জেলাই রাজনৈতিক দলগুলির কাছে পাখির চোখ হওয়ায় স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয় প্রতিটি নির্বাচনেই। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে জেলায় মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা।

    উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুর কমিশনারেটের ১১টি বিধানসভা এলাকায় ৯ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় ৪ কোম্পানি, বারাসত পুলিশ জেলায় ৬ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ৭ কোম্পানি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে বনগাঁ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় বনগাঁয় ইতিমধ্যেই নির্ধারিত ৪ কোম্পানির মধ্যে ২ কোম্পানি পৌঁছেছে। বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানিয়েছেন, শুক্রবার থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। তিনি বলেন, “শুক্রবার রুটমার্চ শুরু হলেও শনিবার থেকে কেন্দ্রীয় বাহিনী পুরো মাত্রায় কাজে নেমে পড়বে।’’

    অন্য দিকে, বারুইপুর পুলিশ জেলায় ৫ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৬ কোম্পানি এবং সুন্দরবন পুলিশ জেলায় ৪ কোম্পানি বাহিনী আসছে। বারুইপুরের পুলিশ সুপার সুভেন্দ্র কুমার বলেন, "শনিবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীর পৌঁছনোর কথা। কোন থানা এলাকায় কত বাহিনী যাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।" একই কথা জানিয়েছেন সুন্দরবন ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপার।

    প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে টহল ও রুটমার্চ হবে। ভোটের আগে যাতে কোনও ধরনের ভীতি বা অস্থিরতা তৈরি না হয়, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় থানাগুলির সঙ্গেও সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে।
  • Link to this news (আনন্দবাজার)