রবিবারের ম্যাচকে ডেভিড বনাম গোলিয়াথের লড়াই বললেন ওয়েস্ট ইন্ডিজ কোচ, ৮০ হাজারের ইডেনে নামবেন ১১ জন ক্যারিবীয় যোদ্ধা
আনন্দবাজার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
গ্রুপ পর্বে অপরাজিত থেকেছে তারা। সুপার এইটে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ভারতের মতো ওয়েস্ট ইন্ডিজকেও রবিবার জিততে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গেলে। এই পরিস্থিতিতে রবিবারের ম্যাচকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’ যুদ্ধের আখ্যা দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামি। তাঁর আশা, ‘ডেভিড’-এর মতোই তাঁর দলও রবিবার ইডেন গার্ডেন্সকে চুপ করিয়ে দেবে।
শনিবার ইডেনে বসে স্যামি বলেন, “বিশ্বকাপ জিততে গেলে কোনও না কোনও সময়ে ভারতের বিরুদ্ধে খেলতেই হবে। আমাদের কাছে সেই দিনটা রবিবার। জিততে গেলে খুব ভাল একটা ম্যাচ খেলতে হবে। আমি তো এখন থেকেই উত্তেজিত। আশা করি কাল ইডেনে ৮০ হাজার সমর্থক থাকবেন। তার সঙ্গে ১৪০ কোটি ভারতীয় দলকে সমর্থক করবেন। তাই এটা ডেভিড বনাম গোলিয়াথের লড়াই। তবে ২০১৬-তেও যে কথা বলেছিলাম, ডেভিড হারিয়েছিল গোলিয়াথকে। কালকের জন্যও ছেলেদের একই কথা বলব।”
স্যামি মনে করিয়ে দিয়েছেন ১০ বছর আগের বিশ্বকাপের কথা। সে বার সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে এই ইডেনেই বিশ্বকাপ জিতেছিল। অধিনায়ক ছিলেন স্যামিই। এ বারও তিনি সেমিফাইনালের স্বপ্ন দেখছেন। স্যামি বলেছেন, “এই ম্যাচের অর্থ জানি। নকআউট ম্যাচ, জিতলেই সেমিফাইনালে। যদি সত্যিই যেতে পারি তা হলে প্রচুর উচ্ছ্বাস হবে।” কোনও গান কি ঠিক করে রেখেছেন? স্যামির উত্তর, “এখনও পর্যন্ত তেমন কিছু জানি না। কিন্তু জয়ের পর নির্দিষ্ট কিছু প্রথা রয়েছে আমাদের।”
ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে তা খোলসা করতে চাইলেন না স্যামি। বলেছেন, “এখনই প্রথম একাদশ বলতে রাজি নই। তবে এটুকু বলতে পারি, প্রত্যেকে যোদ্ধা। কালকের যুদ্ধে নামতে সকলেই তৈরি।”
স্যামি স্পষ্ট করে দিয়েছেন, বরুণই ভারতের এবং বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নামবেন তাঁরা।