• দোলের দিন শোভাবাজার ঘাটে দুর্ঘটনা! গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন মধ্যমগ্রামের বাসিন্দা
    আনন্দবাজার | ০৩ মার্চ ২০২৬
  • দোলের দিন গঙ্গায় তলিয়ে গেলেন এক ব্যক্তি। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার শোভাবাজার ঘাটে। স্থানীয়দের দাবি, তিনি গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। স্রোতের টানে তলিয়ে যান।

    পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে গঙ্গায় স্নান করতে শোভাবাজার ঘাটে এসেছিলেন সমীর মাইতি নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি মধ্যমগ্রামে। স্থানীয়দের দাবি, স্নান করতে নামার কিছু ক্ষণ পরেই গঙ্গায় তলিয়ে যেতে থাকেন ৫২ বছর বয়সি সমীর। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেন স্থানীয়েরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। গঙ্গায় নেমে তল্লাশি চালিয়ে সমীরকে উদ্ধার করা হয়। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাও। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

    কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে নর্থ পোর্ট থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)