• মৃত্যুর নালিশ, বিএলও-কে ঘিরে ক্ষোভ
    আনন্দবাজার | ০৪ মার্চ ২০২৬
  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার উদ্বেগে ফের মৃত্যুর অভিযোগ উঠল। নাম ‘বিবেচনাধীন’ বিএলও-কে ঘিরে বিক্ষোভও হয়েছে মঙ্গলবার।

    ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে জলপাইগুড়ির নয়াবস্তির বাসিন্দা ৬২ বছরের গৌরাঙ্গ দে-র। পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও তাঁর নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির শৌচাগার থেকে। পরিবারের দাবি, তালিকায় নাম বাদ যাওয়ায় তিনি আতঙ্কে ভুগছিলেন। ফুটপাতে খাবারের দোকান চালাতেন গৌরাঙ্গ। জলপাইগুড়ির পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ও বলেন, ‘‘নাম বাদ যাওয়ার আতঙ্কেই উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নির্বাচন কমিশনের জন্যই এই মৃত্যু।’’

    অন্য দিকে, মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার একটি বুথের প্রায় অর্ধেক ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিয়ে বিএলও-কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় মঙ্গলবার। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুরের ৮৬ নম্বর বুথে ১২৮৭ জন ভোটারের মধ্যে ৫৪২ জনের নাম বিবেচনাধীন। ‘ভোট বয়কট ২০২৬’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ চলে। বুথের বাসিন্দা বিসিয়া বিবি বলেন, ‘‘আমাদের নাম যদি ভোটার তালিকায় না তোলা হয়, তবে ভোট হতে দেব না।’’ বাসিন্দা মানোয়ার হোসেনের দাবি, ‘‘কমিশন ইচ্ছাকৃত ভাবে সংখ্যালঘুদের নাম ‘বিবেচনাধীন’ রেখেছে।’’ বুথের বিএলও মনাব্বর হোসেন বলেন, ‘‘আমার নিজের নামই ‘বিবেচনাধীন’! ব্লক প্রশাসনের কাছেও সদুত্তর নেই।’’ এ বিষয়ে প্রশাসনের কেউ কোনও মন্তব্য করেননি।
  • Link to this news (আনন্দবাজার)