• একের পর এক বাড়িতে দলছুট হাতির তাণ্ডব, মৃত এক, জখম তিন! অবশেষে তিনটি ঘুমপাড়ানি গুলিতে কাবু দাঁতাল
    আনন্দবাজার | ০৪ মার্চ ২০২৬
  • দলছুট দাঁতালের তাণ্ডবে শোরগোল বাঁকুড়ার জয়পুরে। হাতির হানায় এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিন জন। দীর্ঘ প্রচেষ্টায় দাঁতালটিকে ঘুমপাড়ানি গুলি করে বাগে এনেছেন বনকর্মীরা।

    স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে একটি দলছুট দাঁতাল প্রথমে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখণ্ড গ্রামে ঢুকে পড়ে। গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে সে। পাথরপাড়া এলাকায় একের পর এক বাড়িতে ঢুকে পড়ে। হাতিটির হানায় গুরুতর জখম হন পাথরপাড়া এলাকার চার ব্যক্তি। আহতদের প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বিজয় কোলে নামে ৫৫ বছরের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি তিন জনকে পরে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

    অন্য দিকে, রাউৎখণ্ড গ্রামে বেশ কিছু ক্ষণ তাণ্ডব চালানোর পর তাড়া খেয়ে দাঁতালটি চলে যায় পার্শ্ববর্তী জামডিগরি গ্রামে। সেখানেও শোরগোল ফেলে দিয়ে দাঁতালটি হাজির হয় কলাবনি গ্রাম লাগোয়া জঙ্গলে। হাতির হানার খবর পেয়ে গ্রামগুলিতে হাজির হন বন দফতরের কর্মী এবং আধিকারিকরা। প্রথমে হুলা দেখিয়ে দাঁতালটিকে বাগে আনার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। উপায়ন্তর না-দেখে ঘুমপাড়ানি গুলি চালানোর কাজে বিশেষজ্ঞদের তলব করা হয়।

    বুধবার দুপুরে ঘুমপাড়ানি গুলি করে দাঁতালকে বাগে এনেছে বন দফতর। পরপর তিনটি ঘুমপাড়ানি গুলি লেগে কাবু হয়েছে সে। হাতিটিকে ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হয়। বন দফতর সূত্রে খবর, জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে হাতিটির।
  • Link to this news (আনন্দবাজার)