• দোলে রবীন্দ্র সরোবরের ভিতরে ক্লাব খোলা, বিক্ষোভ
    আনন্দবাজার | ০৪ মার্চ ২০২৬
  • দোল উৎসব উপলক্ষে রবীন্দ্র সরোবর বন্ধ গত সোমবার দুপুর থেকে। সরোবর খুলবে কাল, বৃহস্পতিবার। কিন্তু পরিবেশকর্মীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য এই তিন দিন সরোবর বন্ধ থাকলেও ভিতরের ক্লাবগুলি খোলা আছে। ফলে, ক্লাবের সদস্যেরা ভিতরে অবাধে দোল উৎসবে রং খেলেছেন। স্থানীয় কয়েক জন পরিবেশকর্মী মঙ্গলবার দুপুরে সরোবরের ১২ নম্বর গেটের সামনে এসে বিক্ষোভ দেখান। পরে তাঁরা রবীন্দ্র সরোবর থানায় স্মারকলিপি দেন।

    পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, ‘‘সাধারণ মানুষ তিন দিন সরোবরের ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু ক্লাবগুলি কেন খোলা থাকবে?’’ গত বছর থেকেই কেএমডিএ কর্তৃপক্ষ সরোবরের ভিতরে ক্লাবগুলি দোলের সময়ে খোলা রাখছেন। অভিযোগ, ক্লাবের সদস্যেরা অবাধে রং খেলে পরিবেশের ক্ষতি করছেন। যদিও অভিযোগ নস্যাৎ করে কেএমডিএ-র এক আধিকারিক বলেন, ‘‘ক্লাবের সদস্যেরা ভিতরে উৎসব করেন। ক্লাবের বাইরে সরোবর প্রাঙ্গণে কিছু করেন না তাঁরা। সরোবরের ভিতরে কোনও গাড়িও ঢুকতে দেওয়া হয় না।’’
  • Link to this news (আনন্দবাজার)