মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে পর পর ধাক্কা, জামিন ধৃতদের!
আনন্দবাজার | ০৪ মার্চ ২০২৬
সরকারি অফিসের ভুয়ো লোগো লাগানোই শুধু নয়। এর পরে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে তিন জনকে জখম করার অভিযোগে গাড়িচালক ও আরোহীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম স্বপ্ননীল ঘোষ ও নীলাব্জ ঘোষ। তাঁদের বাড়ি যথাক্রমে রিজেন্ট পার্ক ও গড়িয়ার কামডহরি এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্বপ্ননীল। গাড়িতে বসেছিলেন নীলাব্জ। অভিযোগ, তিনিও নেশাগ্রস্ত ছিলেন। স্বপ্ননীল একটি বেসরকারি সংস্থার কর্মী।
তদন্তকারীরা জানান, গাড়িটি প্রথমে বাঘা যতীন উড়ালপুলে এক মহিলাকে ধাক্কা মারে। এর পরে সেখান থেকে কিছুটা এগিয়ে পাটুলি থানা এলাকার ঘোষপাড়ায় এক পথচারীকে ধাক্কা মারে। আরও পরে একটি ক্লাবের সামনে দিয়ে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যাওয়ার সময়ে স্থানীয়েরা পথ আটকান। অভিযোগ, তখন স্বপ্ননীল ও নীলাব্জ নেমে বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু করেন। এর পরে হঠাৎ দু’জন গাড়িতে উঠে ফের বেপরোয়া ভাবে পালাতে যান। তখনই গাড়িটি রাস্তার ধারে স্কুটার নিয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে সজোরে ধাক্কা মারে। রিজেন্ট পার্কের বাসিন্দা, বৈশাখী দত্ত গঙ্গোপাধ্যায় নামে ওই মহিলা পড়ে যান। তাঁর কোমরের হাড় ভেঙে গিয়েছে। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এর পরে আরও লোকজন গিয়ে গাড়িটি আটকে পুলিশে খবর দেন। গাড়িচালক ও আরোহীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
মঙ্গলবার ধৃতদের আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে তাঁরা জামিন পান। সরকারি আইনজীবী তুলসী মণ্ডল বলেন, ‘‘এই ঘটনায় তিনটি এফআইআর হয়েছিল। দু’টি এফআইআরে সব জামিন-যোগ্য ধারা দেওয়া হয়েছে। একটি মাত্র এফআইআর জামিন-অযোগ্য ধারায় করা হয়েছিল। সেটির অভিযোগকারী বৈশাখী দত্ত গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের জামিন মঞ্জুর হলে তাঁর আপত্তি নেই।’’ এর পরেই বিচারক দুই অভিযুক্তের শর্তাধীন জামিন মঞ্জুর করেন।