ফের ভিন্রাজ্যে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের! ইদের আগে শোকের ছায়া মুর্শিদাবাদের যুবকের বাড়িতে
আনন্দবাজার | ০৭ মার্চ ২০২৬
ফের ভিন্রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। তেলঙ্গানার হায়দরাবাদে শনিবার দুপুরে রাইস মিলে কাজ করার সময় উপর থেকে নীচে পড়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের শ্রমিকের। এই খবর গ্রামে আসতেই শোকের ছায়া গোটা গ্রামে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও শ্রমিকের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।
মৃত যুবকের নাম নয়ন শেখ (২৬)। তিনি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বাগডাঙা গ্রামের বাসিন্দা। পরিবারে রয়েছেন স্ত্রী, বাবা এবং মা। রমজান মাসের শেষে ইদে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু হল না। জানা গিয়েছে, প্রায় মাস দুয়েক আগে হায়দরাবাদে কাজে গিয়েছিলেন নয়ন। সেখানে একটি রাইস মিলে কাজ করতেন তিনি। শনিবার দুপুরে রাইস মিলের মাথায় কাজ করছিলেন তিনি। এ দিন সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত নীচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
খবর দেওয়া হয় পরিবারে। শোকের ছায়া ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদক কামাল হোসেন বলেন, “মৃত পরিযায়ী শ্রমিক নয়ন সরকারের স্ত্রীকে সরকারি চাকরি ও ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি জানাছি।”