• ১১ গোলে লজ্জার হার ভারতের! মেয়েদের এশিয়ান কাপে জাপানের কাছে পর্যুদস্ত, তবু থাকছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ
    আনন্দবাজার | ০৭ মার্চ ২০২৬
  • মেয়েদের এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক ভারতের। জাপানের কাছে ০-১১ গোলে হেরেছে তারা। তবে শেষ ম্যাচে চিনা তাইপেইকে দু’গোলের ব্যবধানে হারালে পরের পর্বে যাওয়ার একটি সুযোগ থাকছে। তবে কাজটি নিঃসন্দেহে কঠিন।

    ম্যাচের আগে থেকেই ভারত এবং জাপানের মধ্যে ফুটবলের মানের তফাত নিয়ে কারও মনেই সন্দেহ ছিল না। প্রাক্তন বিশ্বকাপজয়ী এবং বিশ্বের আট নম্বর দল জাপান যে ম্যাচটি জিতবে তা নিয়েও বিশেষ সংশয় ছিল না। তবে এত গোলের ব্যবধানে ভারতকে হারতে হবে এটা অনেকেই ভাবতে পারেননি।

    গোটা ম্যাচে জাপানের ফুটবলারেরা যে ভাবে ভারতকে নিয়ে ছেলেখেলা করেছেন তাতেই দু’দলের তফাত স্পষ্ট হয়ে গিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় দলগুলির সঙ্গে পাল্লা দিতে ভারতকে কতটা পরিশ্রম করতে হবে তা-ও বোঝা গিয়েছে।

    ম্যাচের শুরু থেকে জাপানের পায়েই বল ছিল। খেলা হয়েছে ভারতেরই অর্ধে। গত চার মাসে কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা ভারত কোনও দিশাই পায়নি জাপানের আক্রমণ রোখার। গোল করেন ইউজ়ুকি ইয়ামামোতো (৪), ইউই হাসেগাওয়া (১৩), হিনাতা মিয়াজ়াওয়া (২০, ৩৫, ৮১), কিকো সেইকে (৪৫, ৫৫), রিকো উয়েকি (৪৭, ৫০, ৬৫) এবং মায়া হিজিকাতা (৬২)।

    এই মুহূর্তে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে ভারত। শেষ ম্যাচে চিনা তাইপেইকে দু’গোলের ব্যবধানে হারাতে পারলে গ্রুপে দ্বিতীয় হয়ে পরের পর্বে যেতে পারে ভারত। তবে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা তাইপেইকে হারানো বেশ কঠিন কাজ ভারতের পক্ষে।
  • Link to this news (আনন্দবাজার)