• স্টেম সেল থেরাপি ও গবেষণা কেন্দ্র এ বার এসএসকেএমে
    আনন্দবাজার | ১০ মার্চ ২০২৬
  • স্টেম সেল থেরাপি ও গবেষণা কেন্দ্র চালু হবে এসএসকেএমে। সম্প্রতি এ বিষয়ে নীতিগত ভাবে ছাড়পত্র দিয়েছে নবান্ন। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই চালু হবে স্টেম সেল থেরাপি পরিষেবা।

    তবে গবেষণা কেন্দ্র তৈরি হতে অন্তত বছরখানেক সময় লাগবে। প্রকল্পটির জন্য খরচ ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এসএসকেএমের অ্যাকাডেমিক ভবনের ন’তলায় তৈরি হবে গবেষণা কেন্দ্র। স্টেম সেল প্রতিস্থাপন ও গবেষণা প্রকল্পের জন্য ন’জনের কমিটি গঠিত হয়েছে। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়কে কমিটির চেয়ারম্যান করে রেডিয়োথেরাপির চিকিৎসক অলোক ঘোষদস্তিদার-সহ মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ক্যানসার, নিউরোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি বিভাগের চিকিৎসক ও গবেষকদের রাখা হয়েছে।

    ইতিমধ্যেই এসএসকেএমের এক প্রতিনিধিদল ভেলোরের ‘সেন্টার ফর স্টেম সেল রিসার্চ’ ঘুরে এসেছেন। ওই প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞেরা এসএসকেএমে এসে প্রশিক্ষণও দিয়েছেন। এ বার বেঙ্গালুরুতে স্টেম সেল তৈরি করা সংস্থাতেও যাবেন হাসপাতালের প্রতিনিধিরা। অস্টিয়োআর্থ্রাইটিস, পায়ের শিরা শুকিয়ে যাওয়ার সমস্যা এবং রক্তের কর্কট রোগের ক্ষেত্রে স্টেম সেল থেরাপি স্বাস্থ্য মন্ত্রকের স্বীকৃত। তবে পার্কিনসন্স, মস্তিষ্ক সংক্রান্ত রোগ, কর্কট রোগ-সহ আরও কয়েকটি ক্ষেত্রে কৃত্রিম স্টেম সেল তৈরির গবেষণা হবে এসএসকেএমে।
  • Link to this news (আনন্দবাজার)