• রাষ্ট্রপতির সফরে কী পদক্ষেপ, কেন্দ্রকে সবিস্তার জানাল নবান্ন
    আনন্দবাজার | ১০ মার্চ ২০২৬
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল মানার প্রশ্নে কী পদক্ষেপ করা হয়েছে, তা রিপোর্টে সবিস্তার কেন্দ্রকে জানাল নবান্ন।

    শনিবার শিলিগুড়ির গোঁসাইপুরে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানে নানা অব্যবস্থা নিয়ে স্বয়ং রাষ্ট্রপতি প্রশ্ন তোলার পরে বিষয়টি অন্য মাত্রা পেয়ে যায়। সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন সব কিছু নিয়মমাফিক হয়নি তা জানতে চেয়ে গতকাল সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে বিস্তারিত রিপোর্ট বিকেল ৫টার মধ্যে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেন।

    সূত্রের মতে, গতকালের পাঠানো রিপোর্টে রাষ্ট্রপতির বিমান থেকে নামা থেকে বিমানে ওঠা পর্যন্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিল্লিতে পাঠানো হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্রপতির সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলির (প্রোটোকল, নিরাপত্তা) সঙ্গে সমন্বয় রেখে যে চলা হয়েছিল সেই তথ্যও তুলে ধরা হয়েছে। দেওয়া হয়েছে প্রাসঙ্গিক নথিও। সাধারণত রাষ্ট্রপতি কোনও রাজ্য সফরে গেলে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনও পদস্থ মন্ত্রী। কিন্তু এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ছিলেন না, অনুপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বা পুলিশের ডিজিও। যা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, ব্লু-বুক অনুযায়ী নিয়ম মানা হয়নি। সূত্রের মতে, এ যাত্রায় মুখ্যমন্ত্রী যে যেতে পারবেন না তা আগেই জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী যেতে না পারলেও, তাঁর পরিবর্তে কাকে পাঠানো হবে সে বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হয়েছিল বলে রিপোর্টে বলা হয়েছে।

    সে দিনের রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল নিয়েও প্রশ্ন উঠেছিল। বিজেপির বক্তব্য ছিল, পরিকল্পিত ভাবেই দাবি মতো অনুষ্ঠানস্থলে অনুষ্ঠান করার অনুমতি দেয়নি রাজ্য সরকার। সূত্রের মতে, কেন অনুষ্ঠানস্থলের পরিবর্তন করা হয়েছিল তা নিয়েও দিল্লিকে রিপোর্টে আগেই জানানো হয়েছিল। সূত্রের মতে, রাষ্ট্রপতির নিরাপত্তা ও অন্যান্য সব দিক ভেবেই ওই পরিবর্তন করা হয়েছিল।
  • Link to this news (আনন্দবাজার)