• উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক হলেন পুরসভার কমিশনারই! ভোটের আগে জানিয়ে দিল নির্বাচন কমিশন
    আনন্দবাজার | ১৫ মার্চ ২০২৬
  • উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক (ডিইও) হিসাবে পুরসভার কমিশনারকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে উত্তর কলকাতা ডিইও কে হলেন, তা ঠিক করে দেওয়া হল। বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার পদে আছেন আইএএস অফিসার সুমিত গুপ্ত। এই নির্বাচনে তিনিই উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্ব সামলাবেন।

    ডিইও হিসাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে নিয়োগ করে কমিশন। তবে কলকাতার ক্ষেত্রে নিয়মটা আলাদা। কলকাতায় জেলাশাসক না-থাকায় কোনও দফতরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ, নির্দিষ্ট কোনও পদাধিকারিকের উপর দায়িত্ব থাকত না। তবে এ বার থেকে তা নির্দিষ্ট করে দেওয়া হল। সরাসরি কলকাতা পুরসভার কমিশনারকেই উত্তর কলকাতার ডিইও হিসাবে নিয়োগ করল কমিশন।

    এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে তার আগে রাজ্যে ঘুরে গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে এসে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছে তারা। প্রশাসন এবং পুলিশের সঙ্গে বৈঠক করেছে। একই সঙ্গে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করেছে তারা। কমিশন সূত্রে খবর, দিন দুয়েকের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। তবে তার আগে উত্তর কলকাতার ডিইও স্থির করে ফেলল কমিশন।
  • Link to this news (আনন্দবাজার)