শুধু ভবানীপুর কেন্দ্রের জন্য আলাদা স্লোগান তৈরি করে বাড়ি বাড়ি যাবে তৃণমূল কংগ্রেস। তাতে লেখা হবে, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বৃহস্পতিবার দলের প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নন্দীগ্রামের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরেও প্রার্থী হওয়ায় বাড়তি সতর্কতাই নিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই এই কেন্দ্রের নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দিয়েছেন মমতা নিজেই। কেন্দ্রের পাঁচটি ওয়ার্ডের দায়িত্বে তিনি আছেন এবং তিনটি ওয়ার্ডের দায়িত্বে মন্ত্রী ফিরহাদ হাকিম। আট ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের সঙ্গে এ দিন বৈঠক করেন দলের দুই শীর্ষ নেতা। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রীর দুই ভাইও। সেখানেই কাউন্সিলরদের কাছে এই মুহূর্তে ভবানীপুরের রাজনৈতিক অবস্থা নিয়ে নির্দিষ্ট রিপোর্ট চান রাজ্য সভাপতি। কাউন্সিলরদের বলা হয়, কোন ওয়ার্ডে কত ভোটে দল ‘লিড’ পেতে পারে তার ধারণা দিতে। সামগ্রিক পর্যালোচনায় যে তথ্য পাওয়া গিয়েছে, তা সন্তোষজনক হলেও যাতে কোথাও আত্মতুষ্টি বা ঢিলেমি না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। বৈঠক চলাকালীনই ফোন করে খোঁজখবর নিয়েছেন মমতা। কিছু পরামর্শও দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। প্রসঙ্গত, ভবানীপুরে ৮ ওয়ার্ডের পাঁচটিতে শেষ লোকসভা ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল।
বৈঠকের পরে দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘আলাদা কিছুই নয়। প্রতিটি কেন্দ্রে যে সব কাজ হয়, ভবানীপুরেও তা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে যে আগাম মূল্যায়ন হয়েছে, তাতে এ বার ভবানীপুরে দলের ব্যবধান অনেকটা বেড়ে যাবে। তবে প্রতিটি কাজে সতর্ক থাকতে হবে।’’