পথ দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুর ঘটনা থামছেই না বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায়। এ বার সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। বৃহস্পতিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রিম্পা ধাড়া (২৯)। তাঁর বাড়ি হাওড়ায়।
ওই রাতে কর্মস্থল থেকে ফেরার পথে পাঁচ নম্বর সেক্টরের নবদিগন্ত উড়ালপুল থেকে নেমে একটি ডাম্পার জাতীয় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন অ্যাপ-বাইকের আরোহী ওই তরুণী। খবর পেয়ে সঙ্কটজনক অবস্থায় রিম্পাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ সূত্রের খবর, হাওড়ার বাসিন্দা ওই তরুণী একটি অ্যাপ-বাইকে করে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। নবদিগন্ত উড়ালপুল ধরে ইএম বাইপাসের দিকে যাচ্ছিলেন তিনি। সে সময়ে পিছন থেকে একটি ডাম্পারের ধাক্কায় বেসামাল হয়ে যান বাইকচালক। যার জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন রিম্পা। পুলিশ সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডাম্পারটি চিহ্নিত করার কাজ চলছে।
চলতি বছরে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজারহাট, নিউ টাউন, সল্টলেক মিলিয়ে একাধিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এর আগেও রাজারহাটে একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক কিশোরের। পাঁচ নম্বর সেক্টরের কলেজ মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধার। নিউ টাউনে চলতি বছরের প্রথম দু’মাসে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আট।
এ দিনের ঘটনায় ফের প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি এবং চালকদের সচেতনতা নিয়ে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাতে ও ভোরের দিকে পুলিশি নজরদারি তুলনায় কম থাকায় সে সময়ে বেপরোয়া ভাবে গাড়ি চলাচলের মতো নিয়মভঙ্গের ঘটনা ঘটছে। পুলিশ সূত্রের দাবি, দুর্ঘটনা রোধে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তবুও চালকদের একাংশের হুঁশ ফিরছে না। এ ক্ষেত্রে কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তার কারণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রের খবর।