• গাড়ি চালানো শিখতে গিয়ে ধাক্কা, মৃত দুই শিশু
    আনন্দবাজার | ২৩ মার্চ ২০২৬
  • জনবহুল রাস্তায় চালককে পাশে বসিয়ে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়ি ধাক্কা মারে কয়েক জন শিশুকে। রবিবার বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানের সাহাপাড়া মোড়ে এই ঘটনায় মৃত্যু হল দু’টি শিশুর। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও তিন জন। পুলিশ জানায়, মৃত আহিল আক্তার (৬) ও সমীর শেখ (৯) ওই এলাকারই বাসিন্দা। পুলিশ গাড়ির দুই আরোহীকে গ্রেফতার করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে ধুলিয়ানের দিঘরির রাস্তায় গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। তাঁকে শেখাচ্ছিলেন গাড়িটির চালক। ইদের পর দিন রাস্তায় ভিড় ছিল। রাস্তার পাশেই খেলছিল এক দল শিশু। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। আশপাশের লোকজন আহত শিশুদের প্রথমে অনুপনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে আহিলকে মৃত বলে জানানো হয়। কিছু ক্ষণ পরে মৃত্যু হয় সমীরেরও। বাকি তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

    দুই শিশুর মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকা তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শমসেরগঞ্জ থানার পুলিশ। ওই এলাকার বাসিন্দা তথা প্রাক্তন পুরপ্রধান মেহেবুব আলমের দাবি, ‘‘জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে যাঁরা এই দুর্ঘটনা ঘটিয়েছেন, তাঁদের কড়া শাস্তি হওয়া উচিত। বার বার এ নিয়ে সকলকে সতর্ক করা হয়।’’ জঙ্গিপুর পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘প্রাথমিক ভাবে দু’জনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পরে তাদের গ্রেফতার করা হয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)