রাত ৯টায় দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ, ঝুলে থাকা কত জনের নিষ্পত্তি হয়েছে জানালেন সিইও, কত বাদ? ‘জানা নেই’!
আনন্দবাজার | ২৩ মার্চ ২০২৬
প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে কত জনের তথ্যের নিষ্পত্তি হয়েছে, তার সঠিক সংখ্যা জানাতে পারলেন না মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল! দ্বিতীয় দফার চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সাংবাদিকে তিনি বলেন, ‘‘কত বাদ হয়েছে জানা নেই।’’ তবে সোমবার রাত ৯টা নাগাদ দ্বিতীয় দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির চূড়ান্ত খতিয়ান দেওয়ার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে তিনি বলেন, ‘‘তালিকা তৈরি করতে ৬-৮ ঘণ্টা সময় লাগে।’’ তখন প্রশ্ন করা হয়েছিল, বিবেচনাধীন ভোটারদের কত জনের তথ্য এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে। জবাবে সিইও বলেন, ‘‘এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কত বাদ হয়েছে জানা নেই।’’
মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নিষ্পত্তির কাজের জন্য ৭০৫ জন বিচারক কাজ করছেন। ‘ই-সাইন’ করে কত নাম আসবে তাঁর জানা নেই। তবে যত নাম আসবে, সবই প্রকাশ করা হবে। আর ট্রাইবুনাল গঠনের বিষয়টি রাজ্যের মুখ্যসচিব দেখছেন। তিনি আরও জানান, হাই কোর্টের বৈঠকে তিনি শুনছেন, কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কাজ শেষ হয়ে গিয়েছে। এ ছাড়া তথ্য নেই। মনোজের কথায়, ‘‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ সুপারদের বলেছি, তৎপর থাকতে।’’
উল্লেখ্য, গত শুক্রবার তৃণমূলের ইস্তাহার প্রকাশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সূত্র মারফত তাঁর কাছে খবর আছে যে, ৬০ লক্ষের মধ্যে তখনও পর্যন্ত ২২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। সেই ২২ লক্ষ ৬০ হাজারের মধ্যে আবার ১০ লক্ষ নাম বাদ পড়বে বলে জানতে পেরেছেন তিনি। সেখানে মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরে সবচেয়ে বেশি নাম রয়েছে। শুধু তাই নয়, মমতা জানতে পেরেছেন, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম বেশি বাদ পড়েছে। এ ছাড়া হিন্দু, মতুয়া, রাজবংশী সম্প্রদায়েরও মানুষও রয়েছেন। অন্য দিকে, রবিবার কমিশন সূত্রে জানা গিয়েছিল, রাজ্যে ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। এখনও পর্যন্ত যত বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে সোমবারই।
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে ৭০০ জনের বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন।