শিলিগুড়ি মহকুমা এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক নাবালিকাকে পড়াতেন। সেই যুবক বিবাহিত বলে জানা গিয়েছে। কিছু দিন আগে ওই নাবালিকা যুবককে বিয়ের প্রস্তাব দেয়। এর পরে যুবক মানা করতেই মানসিক অবসাদে ভুগছিল নাবালিকা। সোমবার সকালে বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু ক্ষিপ্ত বাসিন্দা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়। সেখানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারাও এলাকায় পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকেই ওই যুবক এবং তাঁর পরিবারের সদস্যরা এলাকাছাড়া বলে পুলিশের দাবি। ইতিমধ্যেই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ দিন নাবালিকার দেহ উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রাতে দেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়। স্থানীয় শ্মশানে সাময়িক উত্তেজনার পরে নাবালিকার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।