হঠাৎ বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি, দৌড়ে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু শীতলকুচির যুবকের! পরিবারের পাশে তৃণমূল প্রার্থী
আনন্দবাজার | ২৫ মার্চ ২০২৬
হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টির মধ্যে প্রাণহানি। বজ্রাঘাতে কোচবিহারে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুর্ঘটনাটি হয়েছে শীতলকুচি এলাকায়। শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে শাসকদল।
শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের মিরামারা এলাকার বাসিন্দা অনন্ত বর্মণের বয়স ৩৫ বছর। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে তিনি চাষের জমিতে গিয়েছিলেন। হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। দ্রুত বাড়ি ফিরছিলেন অনন্তের সঙ্গে আরও তিন জন কৃষক। সেই সময় বাজ পড়ে। অনন্ত লুটিয়ে পড়েন মাঠে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনন্তকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত অনন্তের দাদা জগদীশ বর্মণ বলেন, ‘‘আমরা তামাক খেতে একই সঙ্গে কাজ করছিলাম। ভাই খানিকটা দূরে ছিল। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে খুব জোরে বাজ পড়ছিল। তাই বাড়ি ফিরে যাচ্ছিলাম। তখন দেখতে পাই, ভাই জমিতে পড়ে রয়েছে। ওকে জমি থেকে তুলে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তারবাবু বললেন, ও আর বেঁচে নেই!’’
দুঃসংবাদ পেয়ে শীতলকুচি বিধানসভার তৃণমূল প্রার্থী হরিহর দাস এবং সেখানকার ব্লক সভাপতি তপনকুমার গুহ মৃতের বাড়িতে যান। শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।