• মধ্যরাতে খাস কলকাতায় ‘শুটআউট’! পরিচিতের ফ্ল্যাটে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, আহত এক জন, ধৃত চার
    আনন্দবাজার | ২৭ মার্চ ২০২৬
  • ভোটের আগে খাস কলকাতায় চলল গুলি! বাঘাযতীনে বন্ধুর ফ্যাটে গিয়েখুন হলেন এক যুবক। ওই যুবকের নাম রাহুল দে।

    প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের রাহুল বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন। মৃতের পরিবারের দাবি, রাহুলকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত সাড়ে ১২টা নাগাদকয়েক জন দুষ্কৃতী ফ্ল্যাটে ঢোকে বলে দাবি করেছে জিতের পরিবার। তার পরই তারা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাহুলের। গুলিতে জখম হয়েছেন জিৎও।

    এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত চার জনকে ধরেছে পুলিশ। ধৃতেরা হলেন দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে যে, জুয়া খেলার টাকা ভাগ-বাঁটোয়ারা করা নিয়ে বচসার জেরেই এই ঘটনা। চার জনকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

    স্থানীয়দের দাবি, মধ্যরাতে বাঘাযতীন পূর্ব ফুলবাগান এলাকায় একটি চার তলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ পান তাঁরা। তার পরেই খবর দেওয়া হয় পাটুলিথানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও।

    কী ভাবে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢুকে গুলি চালিয়ে বেরিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। রাহুল এবং জিতের সম্পর্ক কেমন ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। স্থানীয় একটি সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে, গুলি চলার সময় ফ্ল্যাটের ছাদে অনেকে ছিলেন। তাঁরা খাওয়াদাওয়া করছিলেন। এই বিষয়টিও খতিয়ে দেখছে পাটুলি থানার পুলিশ।

    স্থানীয়দের কারও কারও দাবি, নিহত যুবক তৃণমূল করতেন। আহত যুবক জিতের জেঠুর দাবি, গুলি চলার আগে আবাসনের ছাদে কয়েক জন যুবকের মধ্যে উত্তপ্ত কথাবার্তা চলছিল। সেই শুনে তিনি নীচ থেকে এক বার হাঁক দেন। পুলিশ সূত্রে খবর, জিতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তাদের কাছে।

    পাটুলির ঘটনায় আহত জিত মুখোপাধ‍্যায়ের বয়ানের ভিত্তিতে খুনের মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে ফাঁকা কার্তুজ, এক অভিযুক্তের পার্স, মদের বোতল, রেড বুলের ক‍্যান, জলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)