• ‘প্রেমিকের পুত্রের’ হাতে খুন যুবতী! কান্দিতে জনসমক্ষে মহিলাকে কুপিয়ে গ্রেফতার এক
    আনন্দবাজার | ২৮ মার্চ ২০২৬
  • জনসমক্ষে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দিতে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের বাবার সঙ্গে পরকীয়া ছিল এক যুবতীর। সেই ‘রোষে’ তাঁকে খুন করেন যুবক।

    মৃতার নাম সুচিত্রা মিস্ত্রি। বয়স ৪৫ বছর। মুর্শিদাবাদের গোকর্ণে তাঁর বাড়ি। অভিযুক্ত পিন্টু মণ্ডলও সেখানকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, স্বামী মারা যাওয়ার পর মিলন মণ্ডল নামে এক প্রৌঢ়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে সুচিত্রার। ওই নিয়ে দুই পরিবারেই অশান্তি চলছিল। গত বুধবার দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। মৃতার পুত্র সন্দীপ মিস্ত্রির দাবি, ওই রাতেই পিন্টু তাঁর মাকে খুনের হুমকি দিয়েছিলেন।

    বৃহস্পতিবার রাতে সুচিত্রা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, রাস্তায় তাঁর উপর হামলা চালান ‘প্রেমিকের পুত্র।’ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় মহিলাকে। শুরু তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। মহিলাকে উদ্ধার করে গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু চিকিৎসকেরা জানান, আগেই মারা গিয়েছেন তিনি।

    কান্দি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে পিন্টুকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের নেপথ্যে বাবার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আক্রোশ না কি অন্য কোনও কারণও রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)