• তৃতীয় ভোটার তালিকা প্রকাশ করল কমিশন! বিবেচনাধীনদের কত অংশের ভবিষ্যৎ স্পষ্ট হল, সে খতিয়ান এ বারও মিলল না
    আনন্দবাজার | ২৮ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে ওই তালিকা প্রকাশ করেছে তারা। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও। গত সোমবার (২৩ মার্চ) ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। কমিশন জানায়, সে দিনের তালিকায় ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছিন। তার মধ্যে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি নাম বাদ পড়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর পর গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে তারা। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ পেল। এই নিয়ে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।

    কমিশন সোমবারের মতোই শুক্রবারও শুধুমাত্র তালিকা প্রকাশের বিষয়টিই জানিয়েছে। বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে আগের মতোই। কমিশন সূত্রে খবর, বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর শুক্রবার সন্ধ্যায় জানিয়েছিল, বিকেল ৫টা পর্যন্ত বিচারকেরা যা তথ্য দিয়েছেন, তা ‘প্রসেস’ করে প্রকাশ করা হবে। প্রসেস করতে ঘণ্টা পাঁচেক সময় লাগবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছিল। সেই মতোই গভীর রাতে প্রকাশ করা হয় দ্বিতীয় অতিরিক্ত তালিকা। গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা বেরিয়েছিল রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে। ‘মধ্যরাতে’ তালিকা প্রকাশ নিয়ে কমিশনকে নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা বার হয়। এসআইআর শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। সেই তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে ‘চূড়ান্ত ভোটার তালিকা’ প্রকাশিত হয়। সেই তালিকায় বাদ পড়ে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বাদের হিসাব দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।
  • Link to this news (আনন্দবাজার)