• নির্বাচনের আগেই শহরের বহু রুটে বেসরকারি বাস কমার আশঙ্কা
    আনন্দবাজার | ২৮ মার্চ ২০২৬
  • ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শহরের বিভিন্ন অঞ্চলে রুট মার্চ সংক্রান্ত ঘোরাঘুরির প্রয়োজনে কলকাতা পুলিশ ইতিমধ্যেই প্রায় ৫০০ বাস এবং মিনিবাস তুলে নিয়েছে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই ওই সব বাস পুলিশের মাধ্যমে ভোটের কাজে নিয়োজিত হয়েছে। এর ফলে কলকাতার রাস্তায় বিভিন্ন রুটে বেসরকারি বাসের সংখ্যা ইতিমধ্যেই কমার মুখে। আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনের প্রয়োজনে এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্য থেকে কয়েক হাজার বাস নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে অসমের রাজ্য প্রশাসন। ওই রাজ্যের ভোটের জন্য কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে প্রায় ১৩০০ বাস যাওয়ার কথা। ওই সব বাস এপ্রিলের প্রথম সপ্তাহে অসমে নির্বাচনের কাজে বেরিয়ে গেলে রাস্তায় বাসের সংখ্যা অনেকটাই কমে যাবে।

    অসমের নির্বাচন মিটিয়ে ওই সব বাসের রাজ্যে ফেরার কথা আগামী ১২ এপ্রিল। এর পরে রাজ্যে দু’দফায় নির্বাচন রয়েছে। উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণের বিভিন্ন জেলা মিলে প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল নির্বাচন রয়েছে। প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, পুলিশকর্মী এবং ভোটকর্মীদের যাতায়াতের জন্য আগামী ১৮ এপ্রিল থেকে বাস নিয়ে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে বাসের সংখ্যা রাস্তায় একেবারেই কমে আসবে বলে মনে করা হচ্ছে।

    জ্বালানি সঙ্কটের কারণে কলকাতার বহু রুটে ইতিমধ্যেই অটোর চলাচলে সমস্যা দেখা দিয়েছে। অটো বেশির ভাগ ক্ষেত্রে বাস স্টপ বা মেট্রো স্টেশন থেকে বাড়ির কাছাকাছি জায়গায় পৌঁছনোর জন্য ব্যবহৃত হয়। যদিও বেহালা, গড়িয়া,বারুইপুর, গড়িয়াহাট, রাসবিহারী, উল্টোডাঙা, বিধাননগর, শোভাবাজার এবং ই এম বাইপাসের একাংশে অটো শহরের প্রধান রাস্তায় ছোটে। আচমকা এলপিজি-র সঙ্কটে ওই সব এলাকায় অটো চলাচল ব্যাহত হয়েছে। নির্বাচনের কাজের জন্যবাস উঠে গেলে সাধারণ যাত্রীদের যাতায়াত আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মেট্রো পরিষেবার বাইরে শহরের যে সব অংশ রয়েছে, বিশেষত নিউ টাউন এবং বেহালা ছাড়াও শহর লাগোয়া বারুইপুর ও বারাসতের বাসিন্দাদের বড় অংশকে যাতায়াত নিয়ে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা।

    এ সম্পর্কে অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি-র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রাথমিক কথাবার্তা বলে গেলেও অসম প্রশাসনের পক্ষ থেকেএখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে, ওই রাজ্যের জন্য বাস এখান থেকে গেলে পথে বাসের সংখ্যা কমবে।’’ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে রাস্তায় বাসের সংখ্যা অস্বাভাবিক কমতে পারে।’’ সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘কম দফায় নির্বাচন সেরে ফেলার জন্য বাসের চাহিদা বেড়েছে। আমরা চেষ্টা করছি প্রশাসনকে যত দূর সম্ভব সাহায্য করার।’’
  • Link to this news (আনন্দবাজার)