‘কথা বলার অবস্থায় নেই, চিত্রনাট্যে জলের কোনও দৃশ্যই ছিল না’, রাহুলের মৃত্যুতে আর কী বললেন প্রযোজক লীনা?
আনন্দবাজার | ২৯ মার্চ ২০২৬
শুটিং করতে গিয়েছিলেন তালসারিতে। আর ফেরা হল না অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাঁকে। উজান চরিত্রে অভিনয় করছিলেন তিনি। আউটডোর শুটিংয়ে গিয়েছিলেন তালসারিতে। শোনা যাচ্ছে, শুটিং শেষ হওয়ার পরেই ঘটেছে এই ঘটনা।
লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্’-এর ধারাবাহিকেই নায়ক হিসাবে অনেক দিন পরে তাঁকে দেখা যায়। এমন অপ্রত্যাশিত ঘটনায় লেখিকা নিজেও মানসিক ভাবে বিপর্যস্ত। যদিও এ দিন তিনি শুটিংয়ে উপস্থিত ছিলেন না। লীনা এ দিন রাতে বলেছেন, “এই সময় কি ঠিক থাকা যায়? এ কী ঘটে গেল! আমাদের চিত্রনাট্যে জলের কোনও দৃশ্য ছিল না। শুনেছি, সেই সময় ওকে অনেকে বার বার মানা করছিল জলে না নামার জন্যে। এমনকি, বাকি শিল্পীদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল। কারও বারণ শোনেনি ও। আমি তো স্পটে ছিলাম না, এর থেকে আর বেশি কিছু বলার অবস্থায় নেই।”
বহু দিন পরে এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় নায়ক হিসাবে দেখা যাচ্ছিল রাহুলকে। এ ছাড়াও, লীনার প্রযোজিত অনেক ধারাবাহিকেই আগে দেখা গিয়েছে তাঁকে। ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর এবং রুকমা রায়ের জুটি বিশেষ ভাবে প্রশংসিতও হয়। উল্লেখ্য, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার জানিয়েছেন, আপাতত দিঘা হাসপাতালের মর্গে রাখা হয়েছে রাহুলের দেহ। সোমবার ময়নাতদন্ত হওয়ার কথা।