পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানানো হল ভোটগ্রহণের সময়সূচি
আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
রাজ্যের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। দুই দফার ভোট শুরু হবে সকাল ৭টা থেকে।
গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে এ বার দুই দফায় ভোট। বাকি সর্বত্র এক দফাতেই হবে ভোটগ্রহণ। রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা আগামী ৪ মে।
ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। পাহাড়ে তিনটি আসন তারা ছে়ড়ে দিয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে। বিজেপি এ পর্যন্ত তিন দফা প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ১৪৪টি, দ্বিতীয় দফায় ১১২টি আসনে প্রার্থীদের নাম জানানো হয়। এখনও ১৯টি বাকি রয়েছে। বামেরা প্রথম দফায় ১৯২, দ্বিতীয় দফায় ৩২ এবং তৃতীয় দফায় ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যেখানে সিপিএম, সিপিআই এবং আরএসপি-এর প্রার্থীরা রয়েছেন। মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী এই দফায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরলেও দীপ্সিতা ধর ও বিকাশ ভট্টাচার্য-এর নাম তালিকায় রয়েছে। রবিবার ২৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। বহরমপুরে প্রার্থী করা হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। মালদহের মালতীপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ফের প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ় ওরফে ভিক্টরকে।
অন্য দিকে, হিংসামুক্ত নির্বাচন করতে নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। কয়েক দফায় রাজ্য পুলিশ এবং প্রশাসনের অন্দরে বড় রদবদল হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে এলাকায় এলাকায়।