• ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়েছিল! বালি ঢুকে গিয়েছিল খাদ্যনালিতেও
    আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
  • রাহুলকে নিয়ে কলকাতার দিকে রওনা হল শববাহী গাড়ি। সোমবার দুপুরে তমলুকে ময়নাতদন্ত সারার পরে রওনা দেন সকলে। রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যরা রাহুলের দেহ শেষ বারের মতো কলকাতায়, তাঁর বাড়িতে ফিরিয়ে আনছেন।

    কিছু আগেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। তমলুক হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। তাঁর খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলীর ভিতরেও বালি ঢুকে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, বরং দীর্ঘ ক্ষণ ধরে জলের তলায় ডুবে থাকলে এমন হয়, জানাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। অভিনেতা জলের তলায় অন্তত ঘণ্টাখানেক ডুবে ছিলেন বলে খবর। পরে ভিসেরা পরীক্ষা হবে বলেও জানা গিয়েছে।

    সমাজমাধ্যমে রাহুলের বন্ধু ও নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, অভিনেতার দেহ নিয়ে কলকাতায় ফিরছেন তিনি। সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, শতরূপ ঘোষ, প্রমোদ সিংহ। দুপুর আড়াইটে নাগাদ রাহুলের বিজয়গড়ের বাড়িতে পৌঁছোতে পারবেন বলে আশা তাঁদের। রাহুলের বাড়ি সংলগ্ন ‘ভোলা বসু ভবন’-এ তাঁকে শ্রদ্ধা জানানো যাবে।

    অন্য দিকে, উদ্ধার হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং-এর ক্যামেরা ফুটেজ। সোমবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমনই ধারণা অনেকের। অভিনেতার মৃত্যুর ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন। রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল, তা নিয়ে নানা সম্ভাবনার কথা উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভাল ভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশ্বাস তদন্তকারীদের।
  • Link to this news (আনন্দবাজার)