• ভোটপ্রচারে মমতা-অভিষেক। আইপিএলে গুজরাতের বিপক্ষে পঞ্জাবের লড়াই। আর কী কী নজরে
    আনন্দবাজার | ৩১ মার্চ ২০২৬
  • দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

    আজ রাজ্যে নির্বাচনী প্রচারে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এই দিনটিকে গুরুত্বপূর্ণ প্রচার দিবস হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা আজ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার একাধিক কেন্দ্রে সভা করবেন। তাঁর প্রথম সভা চন্দ্রকোনায়, এর পর গড়বেতা এবং দিনের শেষ সভা হবে বিষ্ণুপুরে। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও তপনে জনসভা করবেন। পাশাপাশি, উত্তর দিনাজপুরের করণদিঘিতেও একটি সভা করার কথা রয়েছে তাঁর। একাধিক জেলায় এই সমান্তরাল প্রচারের মাধ্যমে তৃণমূল নেতৃত্ব ভোটারদের কাছে পৌঁছোতে চাইছে। সংগঠনকে আরও মজবুত করার বার্তাও দিচ্ছে। আজ এই খবরে নজর থাকবে।

    আইপিএলে আজ প্রথম নামছে গত বারের রানার্স পঞ্জাব কিংস। তাদের বিপক্ষে গুজরাত টাইটান্স। মাত্র দু’টি দল এখনও পর্যন্ত আইপিএল জয়ের স্বাদ পায়নি। তার মধ্যে রয়েছে পঞ্জাব। দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এ বার শ্রেয়স আয়ারের দল কত দূর যাবে? জয় দিয়ে শুরু করতে পারবে কি তারা? অন্য দিকে গুজরাত গত বার প্লে-অফে উঠেছিল। কিন্তু এলিমিনেটরে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। শুভমন গিলের দল প্রথম ম্যাচে কী করবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

    পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁদের দেওয়া ১৫ দফা শর্তের বেশির ভাগই মেনে‌ নিয়েছে ইরান। আমেরিকাকে তারা তেলবোঝাই ২০টি জাহাজ 'উপহার' দিচ্ছে বলেও দাবি ট্রাম্পের। যদিও ইরানের তরফে এমন কোনও মন্তব্য করা হয়নি। এ অবস্থায় আমেরিকা ফের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানকে। হরমুজ় প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তৈলক্ষেত্র এবং খার্গ দ্বীপ-সহ বিভিন্ন অসামরিক জ্বালানিকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন বাহিনী। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
  • Link to this news (আনন্দবাজার)