• আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির! চৌরঙ্গী থেকে লড়ছেন সন্তোষ পাঠক, বাগদায় লড়াই ননদ-বৌদির
    আনন্দবাজার | ৩১ মার্চ ২০২৬
  • রাজ্যের আরও ১৩টি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠককে। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে।

    সিতাই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আশুতোষ বর্মাকে। নাটাবাড়িতে প্রার্থী হয়েছেন গিরিজাশঙ্কররায়। মগরাহাট পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশুপন্ডা, সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জনকুমার পাল। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেপীযূষকান্তি দাসকে, গড়বেতায় প্রার্থী প্রদীপ লোধা, মেমারিতে মানব গুহ,বাঁশদ্রোণীতে অরিজিৎ রায়।

    ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। গত ১৯ মার্চ এই কেন্দ্রের প্রার্থী হিসাবে কৌশিক রায়ের নাম ঘোষণা করেছিল বিজেপি। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়েছে।

    এটি বিজেপির চতুর্থ প্রার্থিতালিকা। মঙ্গলবারের পর আর মাত্র ছ’টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা বাকি থাকবে বিজেপির। প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর তৃতীয় দফায় ১৯টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি।

    আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। ইতিমধ্যে তৃণমূল সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। প্রথম দফায় যে আসনগুলিতে ভোট হবে, সেগুলির জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে।
  • Link to this news (আনন্দবাজার)