কলকাতায় শাহ। মমতা-অভিষেকের কর্মসূচি দক্ষিণবঙ্গে। ইডেনে কেকেআর। গরমের অস্বস্তির দিন শুরু। আর কী কী
আনন্দবাজার | ০২ এপ্রিল ২০২৬
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে আজ মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন আজ। তাঁদের মনোনয়ন পর্বে সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে ১২টা নাগাদ রোড শো শুরু হবে। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু এবং অন্য বিজেপি প্রার্থীরা। শাহের উপস্থিতিতে এই মনোনয়ন পর্বের দিকে নজর থাকবে আজ।
আজ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন। এর পর মালদহের বৈষ্ণবনগরেও একটি সভা রয়েছে তাঁর সূচিতে। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভায় জনসভা করবেন। পরে তিনি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে একটি ঘরোয়া বৈঠকে অংশ নেবেন। নির্বাচনের আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।
আইপিএলে আজ ইডেনে প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছে কলকাতা। আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। হায়দরাবাদও প্রথম ম্যাচে হেরেছে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। আজ কি অজিঙ্ক রাহানের কেকেআর প্রথম জয় তুলে নিতে পারবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট আপাতত শেষ হয়েছে। এ বার গরম বৃদ্ধির পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার থেকে ছ’ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও। ফলে আবহাওয়ার অস্বস্তি থাকবে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এরই মধ্যেই আবার তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্টের প্রশংসা করার পাশাপাশি তেহরানকে পরোক্ষে হুমকিও দিয়ে রেখেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে ইরানও। হরমুজ় প্রণালী খোলার জন্য ইরানকে চাপ দিচ্ছেন ট্রাম্প। তিনি হুঙ্কা দিয়েছেন, হরমুজ় না খোলা পর্যন্ত ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার কাজ চালিয়ে যাবে আমেরিকা। এই অবস্থায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
কথা ছিল, আজই হবে সংসদের বাজেট অধিবেশনের শেষ দিন। তবে সূত্রের খবর, এখনই শেষ হচ্ছে না বাজেট অধিবেশন। আজ অধিবেশন শেষে কিছু দিনের জন্য লোকসভা ও রাজ্যসভা মুলতুবি করে রাখা হবে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের অধিবেশন শুরু হবে। যদিও এখনও সরকারি ভাবে অধিবেশনের দিন বৃদ্ধি করার ঘোষণা করা হয়নি। আজ সংসদের অধিবেশন সংক্রান্ত খবরে নজর থাকবে।