• মালদহে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ! ভিতরে আটকে সাত বিচারবিভাগীয় আধিকারিক, সকাল থেকে চলছে অবরোধও
    আনন্দবাজার | ০২ এপ্রিল ২০২৬
  • মালদহের কালিয়াচকে ভোটার তালিকা থেকে ‘নাম বাদ যাওয়া’কে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করলেন এলাকাবাসীরা। রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ। এমনকি বিক্ষোভের জেরে কালিয়াচক-২ ব্লকে সাত জন বিচারবিভাগীয় আধিকারিক আটকে রয়েছেন। ব্লক অফিসে তাঁদের ঘেরাও করে রাখা হয়েছে। ইতিমধ্যে বিক্ষোভস্থলে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের এখনও হটানো যায়নি।

    ভোটার তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারেন। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সমস্যার চটজলদি সুরাহা করতে হবে। আগে সমস্যার সমাধান করতে হবে, তার পরে ভোট হবে। এই দাবিতে বুধবার সকাল থেকে মালদহের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। মোথাবাড়ি এবং সুজাপুর এলাকায় সকাল থেকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীদের একাংশ। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বুধবার সকাল ১১টা থেকে অবরোধ বিক্ষোভ শুরু হয়। এবং তা গভীর রাত পর্যন্ত চলছে।

    জানা যাচ্ছে, এরই মধ্যে কালিয়াচক-২ ব্লক অফিসের বাইরেও ঘেরাও এবং বিক্ষোভ শুরু হয়। ওই ব্লক অফিসে তখন এসআইআর-এর কাজে নিযুক্ত সাত জন বিচারবিভাগীয় আধিকারিক ছিলেন। তাঁদের মধ্যে তিন মহিলাও রয়েছেন। জানা যাচ্ছে, ঘেরাও এবং বিক্ষোভের জেরে ওই বিচারবিভাগীয় আধিকারিকেরাও আটকে পড়েন ব্লক অফিসে।

    বিক্ষোভস্থলের যে ভিডিয়োগুলি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ ভিড় করে বিক্ষোভ দেখাচ্ছেন। মাইক প্রচার করে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এলাকায় মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরাও।

    সূত্রের খবর, ঘটনাস্থলে মোতায়েন পুলিশকর্মী এবং প্রশাসনের আধিকারিকেরা দফায় দফায় অবরোধ তোলার জন্য অনুরোধ করেন বিক্ষোভকারীদের। তবে এখনও পর্যন্ত বিক্ষোভকারীদের সরানো যায়নি। সার্বিক পরিস্থিতি নিয়ে মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনই এ বিষয়ে বিশদে কোনও মন্তব্য করছে না পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)