• হংকংকে হারিয়ে লাভবান ভারতীয় ফুটবল দল, ফিফা ক্রমতালিকায় পাঁচ ধাপ এগোলেন রায়ান, গুরপ্রীতেরা
    আনন্দবাজার | ০২ এপ্রিল ২০২৬
  • এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের নিয়মরক্ষার ম্যাচে হংকংকে ২-১ ব্যবধানে হারানোর সুফল পেল ভারত। প্রতিযোগিতার মূলপর্বে যেতে না পারলেও ফিফা ক্রমতালিকায় এগোল খালিদ জামিলের দল।

    হংকং ম্যাচের আগে ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ছিল ১৪১। এক ম্যাচ জিতেই পাঁচ ধাপ এগিয়ে রায়ান উইলিয়ামসেরা এখন ১৩৬ নম্বরে। এশিয়ার দেশগুলির মধ্যে এগোনোর নিরিখে ভারত তৃতীয় স্থানে। তবে একক ভাবে নয়। মালয়েশিয়া এবং লাওসও পাঁচ ধাপ করে এগিয়েছে ক্রমতালিকায়।

    বুধবার খালিদের কোচিংয়ে প্রথম জয় পেয়েছে ভারতীয় দল। শুধু তাই নয়, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম জয়। আগের পাঁচটি ম্যাচের দু’টি ড্র করেছিল ভারতীয় দল। তিনটি ম্যাচ হেরেছিলেন গুরপ্রীত সিংহ সান্ধুরা। তার মধ্যে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হারও।

    হংকংয়ের বিরুদ্ধে ভারতের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে রায়ানের। ৩২ বছরের স্ট্রাইকার অভিষেক ম্যাচের ৪ মিনিটেই গোল করে এগিয়ে দেন দলকে। নিজে গোল করার পাশাপাশি একাধিক গোলের সুযোগও তৈরি করেন তিনি। সুনীল ছেত্রীর অবসরের পর ভারতের আক্রমণ ভাগে যে দুর্বলতা তৈরি হয়েছিল, তা অনেকটাই ঢেকে দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন নাগরিক।
  • Link to this news (আনন্দবাজার)