• নাম বাদে আরও দুই মৃত্যুর অভিযোগ
    আনন্দবাজার | ০৫ এপ্রিল ২০২৬
  • ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আতঙ্কে আরও দু’জনের মৃত্যুর অভিযোগ উঠল। বীরভূমের সদাইপুরে মৃত্যু হয়েছে এক নবতিপর বৃদ্ধের। স্ত্রীর নাম বাদ পড়ার খবর পাওয়ার পরে, অসুস্থ হয়ে নেপালের ইটভাটায় কর্মরত কোচবিহারের মাথাভাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরে বছর দুয়েক আগে আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছিলেন বেশ কিছু বাসিন্দা। তাঁদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এলাকায়।

    সদাইপুরের হাজরাপুর গ্রামের শেখ আরমান আলির (৯৫) শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ভাইপো শেখ কাশেম বলেন, “রাত ৮টা নাগাদ জেঠু জানতে পারেন, নাম বাদ গিয়েছে। তার পরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন।” পরিবারের দাবি, শুনানিতে প্রমাণ হিসাবে পাসপোর্ট দেওয়া হলেও, নাম ‘বিবেচনাধীন’ থাকায় উদ্বেগে ছিলেন ওই বৃদ্ধ।

    নেপালের ইটভাটায় কাজে যাওয়া মাথাভাঙার আমির হোসেনের (৪০) শুক্রবার রাতে অসুস্থ হয়ে মৃত্যু হয়। পরিবারের দাবি, তালিকায় বাড়ির সকলের নাম থাকলেও, আমিরের স্ত্রী নার্গিস বিবির নাম বাদ গিয়েছে। আমিরের আত্মীয় আইনাল মিঁয়ার কথায়, “কয়েক দিন আগেই বাড়ি থেকে নেপালে কাজে ফিরে যান। তার পরেই স্ত্রীর নাম বাদ পড়ার খবর পান। ডাক্তাররা বলেছেন, হৃদ্‌রোগে মৃত্যু।” এসডিপিও (মাথাভাঙা) সমরেন হালদার বলেন, “ডাক্তারি রিপোর্ট এলে, মৃত্যুর কারণ জানা যাবে।”

    বছর দুয়েক আগে জামালপুরের তেলে, নুড়ি, কলিপুকুর, পদ্মপুকুরের মতো নানা গ্রামে অনেকের কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসে। মুখ্যমন্ত্রী সরব হন। শেষমেশ আধার বাতিল হয়নি। কিন্তু ওই বাসিন্দাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। স্থানীয় বাসিন্দা সুষমা হাওলাদারের কথায়, “বাঁচার তাগিদে বহু বছর আগে বাংলাদেশ থেকে চলে এসেছিলাম। আমাদের কি ফের দেশছাড়া হতে হবে?” মমতা অধিকারী নামে আর এক জনের দাবি, “আধার কার্ড, রেশন কার্ডের সঙ্গে পাসপোর্টও রয়েছে। তবু নাম বাদ চলে গেল!”

    উত্তর ২৪ পরগনার গাইঘাটার ইছাপুর ২ পঞ্চায়েতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায়, কিছু বাসিন্দা এ দিন বিএলও নমিতা দাস প্রামাণিককে হেনস্থা করেন ও হুমকি দেন বলে অভিযোগ। পুলিশ বিএলও-কে উদ্ধার করে।
  • Link to this news (আনন্দবাজার)