• শিয়ালদহ স্টেশনের ডিসপ্লে বোর্ডে রাজনৈতিক প্রচার করছেন বিজেপি প্রার্থীর স্বামী শান্তনু ঠাকুর! কমিশনে অভিযোগ তৃণমূলের
    আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
  • কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করল তৃণমূল। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দায়ের করা এক লিখিত অভিযোগে তৃণমূল দাবি করেছে, শিয়ালদহ রেল স্টেশনের ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ব্যবহার করে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের স্বামী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু রাজনৈতিক প্রচার চালাচ্ছেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী।

    তৃণমূলের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার ট্রেনের সময়সূচি প্রদর্শনকারী বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর ছবি দেখানো হচ্ছে। ‘ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫’-এর প্রচারের আড়ালে এই ছবি প্রদর্শন করা হলেও তা নিয়মিত বিরতিতে পুনরাবৃত্তি করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এই ঘটনায় সরাসরি যুক্ত রয়েছেন বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, যিনি শান্তনু ঠাকুরের স্ত্রী। এর মাধ্যমে সাধারণ ভোটারদের উপর প্রভাব বিস্তার এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, রেল স্টেশন একটি সরকারি সম্পত্তি এবং সেখানে রাজনৈতিক নেতাদের ছবি প্রদর্শন করা আদর্শ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এর ফলে নির্বাচনে সমান সুযোগের পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কমিশনের কাছে অবিলম্বে এই প্রচার বন্ধ, তদন্ত শুরু এবং দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল।
  • Link to this news (আনন্দবাজার)