• ৪ মৃত্যুতে এসআইআরকে দুষছে পরিবার, বিক্ষোভও
    আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
  • দফায় দফায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। বাদ পড়াদের আবেদনের জন্য ট্রাইবুনালের প্রক্রিয়াও শুরু হয়েছে। তবু, বাদ পড়াদের আতঙ্ক-উদ্বেগ অব্যাহত। এর জেরে মৃত্যু-অপমৃত্যুর অভিযোগ, বিক্ষোভও বার বার সামনে আসছে।

    রবিবার মুর্শিদাবাদের বড়ঞার মজলিসপুর গ্রামের জালু শেখ (৫৬) ও পূর্ব বর্ধমানের কালনারভাটরা গ্রামের আহম্মদ আলি শেখের (৮৩) হৃদ্‌রোগে মৃত্যুতে ভোটার তালিকায় নাম না ওঠার আতঙ্ককে কারণ হিসেবে দায়ী করেছে তাঁদের পরিবার। হুগলির রিষড়ায় মিনতি সেন (৫৮) নামে এক প্রৌঢ়া এবং বীরভূমের নলহাটির আনসারুল শেখ (৩২) নামে এক যুবকের অপমৃত্যুতেও একই দাবি পরিবারের। এ নিয়ে রাজনৈতিক চাপান-উতোর জারি রয়েছে। তৃণমূল এর দায় বিজেপি ও কমিশনের ঘাড়ে চাপিয়েছে। বিজেপি দায় মানেনি।

    জালুর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ছাড়াও তাঁর স্ত্রী ও ছেলের নাম ‘বিবেচনাধীন’ তালিকা থেকে বাদ পড়েছে। মৃতের মেয়ে জালেমা বিবি বলেন, ‘‘বাবা চিন্তিত ছিলেন। তা থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।’’ শনিবার রাতে জালু হৃদ্‌রোগে আক্রান্ত হলে বীরভূমের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার তিনি মারা যান।

    শনিবার যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, তাতে নাম বাদ যায় কালনার ওই বৃদ্ধেরও।পরিবারের দাবি, নাম বিভ্রাটের জেরে এই পরিস্থিতি। মনমরা হয়ে যান আহম্মদ। রবিবার সকালে ঘরে তাঁর দেহ মেলে। বৃদ্ধের ছেলে আজিজ আলি শেখ বলেন, ‘‘বাবা খুব চিন্তায় ছিলেন। বার বার বলছিলেন, আমার সঙ্গে নাতিটার নামও উঠল না। পাসপোর্ট, জন্ম শংসাপত্র— সব দেওয়া হয়েছিল।’’

    শনিবার রাতেই রিষড়ার বারুজীবী বালিপুকুরের বাসিন্দা মিনতির ঝুলন্ত দেহ মেলে তাঁর ঘরে।ছেলে ভোলার অভিযোগ, ‘‘এসআইআরে নাম বাদ যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন মা। সে কারণেই আত্মঘাতী হলেন।’’ নলহাটির মৃত আনসারুলের খুড়তুতো ভাই সাকিবুল শেখ বলেন, ‘‘আনসারুলের পরিবারের সাত জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তা নিয়ে ও আতঙ্কে ছিল। এ দিন বাড়িতে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে।’’ পরে রামপুরহাট মেডিক্যালে আনসারুলের মৃত্যু হয়।

    অতিরিক্ত ভোটার তালিকা থেকে ‘বিবেচনাধীন’ বহু নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার নানা প্রান্তে বিক্ষোভও অব্যাহত। রবিবার হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকায় এবং বসিরহাট ২ ব্লকের বেগমপুর-বিবিপুর পঞ্চায়েতের গয়ড়া গ্রামে বিক্ষোভ হয়। মাখালগাছায় দু’টি বুথ থেকে ‘বিবেচনাধীন’ প্রায় ৭০০ ভোটারের নাম বাদ গিয়েছে এবং বেগমপুর-বিবিপুর পঞ্চায়েতের দু’টি বুথ মিলিয়ে বিএলও-সহ মোট ৪৮৯ জনের নাম বাদ পড়েছে বলে গ্রামবাসীদের দাবি।
  • Link to this news (আনন্দবাজার)