গোমুখ থেকে সাইকেলে পাড়ি গঙ্গাসাগর, তট রক্ষার বার্তা শুভমের
আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
ভোটের মরসুমে রাজনৈতিক প্রচারে সরগরম রাজ্য। সেই আবহেই এক অন্য প্রচার নিয়ে বাংলায় হাজির হলেন উত্তরপ্রদেশের বারাণসীর শুভম পাল। হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন তিনি। সম্প্রতি গঙ্গাসাগরে শেষ হল তাঁর সেই যাত্রা।
শুভম জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন উপকূল গড়ার বার্তা দিতেই দু’চাকায় তাঁর এই অভিযান। গঙ্গার উৎস গোমুখ থেকে যাত্রা শুরু করেছেন তিনি। গঙ্গাসাগরে গঙ্গার মোহনা পর্যন্ত পৌঁছতে তাঁর লেগেছে দীর্ঘ চার মাস। এই যাত্রাপথে অধিকাংশ সময়ই কেটেছে রাস্তায়। তিনি বললেন, ‘‘দেশের নানা প্রান্তে ঘুরলেও কোথায় কী ঘটছে সে সম্পর্কে খুব বেশি খোঁজ রাখা হয়ে ওঠেনি। পশ্চিমবঙ্গে এসে গঙ্গাসাগরের মাটিতে পা দিয়েই জানতে পারি বিধানসভা ভোট সামনে। তাই রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গেও দেখা করে সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আর্জি জানিয়েছি।’’
শুভম জানান, তাঁর লক্ষ্য উপকূলীয় এলাকাগুলিকে দূষণমুক্ত রাখার বিষয়ে মানুষকে সচেতন করা। গত ডিসেম্বর মাসে গঙ্গার উৎস গোমুখ থেকে যাত্রা শুরু করেছিলেন শুভম। পরে পৌঁছন গুজরাতে। সেখানেই সমুদ্র সৈকতের দূষণের চিত্র তাঁকে ভাবিয়ে তোলে। সেই অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেন সাইকেলে চেপে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ঘুরে বেড়াবেন। সঙ্গে সঙ্গেই মানুষকে সচেতন করবেন।
একটি সাইকেলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বোঝাই করে বেরিয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল সাইকেল মেরামতির প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতিও। দীর্ঘ যাত্রাপথে একাধিক বার সাইকেল বিকল হলেও, সেই সরঞ্জাম কাজে লাগিয়ে নিজেই মেরামত করে আবার পথে নেমেছেন। গঙ্গাসাগরে পৌঁছে শুভম বললেন, ‘‘উপকূল অঞ্চলের বহু মানুষের সঙ্গে কথা বলেছি। সকলের কাছেই সমুদ্র সৈকত রক্ষার আর্জি জানিয়েছি। গঙ্গার উৎস থেকে এই যাত্রা শুরু করেছিলাম। কপিলমুনি মন্দিরের পুণ্যধামে এসে তা শেষ করলাম। এই ভোটের সময়ে প্রচারে রাজনৈতিক কর্মীরা যদি পরিবেশ রক্ষার বার্তাও দেন, তাতে সকলেরই ভাল।’’