• পশ্চিমবঙ্গের ভোটে রাজ্য থেকে তারকা প্রচারক পেতে ‘হিমশিম’ কংগ্রেস! তালিকায় উল্লেখযোগ্য নাম শশী তারুর
    আনন্দবাজার | ০৭ এপ্রিল ২০২৬
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে সামনে রেখে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল এআইসিসি। দলের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪০ জন নেতাকে প্রথম দফার নির্বাচনে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় জাতীয় স্তরের একাধিক হেভিওয়েট নেতার নাম থাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, ৪০ জন তারকা প্রচারকদের তালিকায় পশ্চিমবঙ্গ সংগঠন থেকে জায়গা পেয়েছেন মাত্র সাত জন। তবে বিশেষ ভাবে নজর কেড়েছে শশী তারুরের নাম।

    তালিকায় রয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এ ছাড়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল, এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সলমন খুরশিদ, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, সাংসদ ইমরান প্রতাপগড়ী, শচীন পাইলট, সুদীপ রায়বর্মণ, কানহাইয়া কুমার, পবন খেরা, অলকা লাম্বা প্রমুখ।

    বাংলার নেতাদের মধ্যে নাম রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, মালদা দক্ষিণের সংসদ সদস্য ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও দেবপ্রসাদ রায়, অমিতাভ চক্রবর্তীর। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই কটাক্ষ করে বলছে, রাজ্যে প্রভাবশালী স্থানীয় মুখের অভাবেই বাইরের নেতাদের ভরসা করতে হচ্ছে কংগ্রেসকে। যদিও কংগ্রেসের দাবি, সর্বভারতীয় নেতাদের উপস্থিতি ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মীদের উৎসাহ বাড়াবে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কয়েকটি অংশে ভাল ফল করবে বলেও‌ তারা আশাবাদী ।
  • Link to this news (আনন্দবাজার)